ICC World Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচের আগে হাসপাতালের বেডের চাহিদা তুঙ্গে! কারণ অবাক করার মতোই
ICC World Cup 2023: বিশ্বকাপের মেগা ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে শনিবার। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
টিকিটের হাহাকার। চলছে কালোবাজারিও। তারই মধ্যে আমেদাবাদের হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে বেড বুকিংয়ের হিড়িক বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল দিতে আমেদাবাদ হাসপাতাল ও নার্সিংহোমকে প্রকাশ করতে হলো কড়া নির্দেশিকা।

ভারত-পাক ম্যাচ উপলক্ষে আমেদাবাদে হোটেলের দর আকাশছোঁয়া। প্রচুর টাকায় হোটেল বুকিংয়ে রাজি হলেও ঘর খালি নেই। এই অবস্থায় ক্রিকেট ফ্যানেরা রাত কোথায় কাটাবেন তা নিয়ে চিন্তিত। অনেকেই বুদ্ধি করে উপায় বের করে ফেলেছেন। অন্তত রাতটা যদি কোনও হাসপাতাল বা নার্সিংহোমে কাটানো যায়।
হোটেলের ভাড়া কোথাও কোথাও ২০ গুণ বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে নিরাপদ আশ্রয় হাসপাতাল বা নার্সিংহোম। সে কারণে শারীরিক চেক-আপ করানোর ছুতোয় হাসপাতালে রাত কাটানোর ফন্দি রয়েছে অনেকেরই। যাতে অন্তত ম্যাচের আগের দিন হাসপাতালে ঢুকে পড়ে ম্যাচের দিন বেরিয়ে পড়া যায়।
আমেদাবাদ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তুষার প্যাটেল সংবাদসংস্থাকে জানিয়েছেন, এমন অনেকের কথাই আমরা জেনেছি যাঁরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে আসছেন। তার আগে হাসপাতালে চেক-আপের জন্য চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন। হাসপাতালে থাকতে চাইছেন।
যদিও হাসপাতাল ও নার্সিংহোমগুলির সংগঠন এই ধরনের আর্জিতে সাড়া না দেওয়ার নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই। বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমকে সেই নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। সংস্থার সভাপতি ভারত গাধাবির কথায়, হাসপাতাল শুধু রোগীদের জন্যই। বাকিদের জন্য নয়।

ভারত-পাক ম্যাচের কিছু টিকিট গতকালও অনলাইনের মাধ্যমে বিক্রি করা হয়েছে। প্রথম যখন টিকিট ছাড়া হয়েছিল তখন কয়েক মিনিটে নিঃশেষিত হয়ে যায়। এরপরেও দুই দফায় ভারত-পাকিস্তান ম্য়াচের টিকিট অনলাইনে ছাড়া হয়। টিকিট বিক্রির স্বচ্ছতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কংগ্রেস। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও অর্ধের বেশি ফাঁকা ছিল আমেদাবাদের স্টেডিয়াম।
অনলাইনে টিকিট কাটতে গিয়ে অনেকেই হতাশ হয়েছেন। যাঁরা কয়েকবারের প্রচেষ্টায় সফল হয়েছেন তাঁদের অবস্থা হাতে চাঁদ পাওয়ার মতো। রিসেল টিকিটের দাম কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। টিকিট ব্ল্যাক করতে গিয়ে পুলিশের জালেও পড়েছে কয়েকজন। জানা যাচ্ছে, বিমানভাড়া বেড়েছে চারগুণ। মুম্বই ও আমেদাবাদের মধ্যে বিশেষ সুপারফাস্ট ট্রেন চালাবে রেল মন্ত্রক। city police
শনিবার ম্যাচের দিন আমেদাবাদে ড্রোন ওড়ানো যাবে না। ১১ হাজার পুলিশকর্মী মোতায়েন রাখার কথা জানিয়েছেন আমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক। ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপে ইডেনে ভারত-পাকিস্তান দ্বৈরথ হয়েছিল। সাত বছর পর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দ্বৈরথ ঘিরে তাল ঠুকছে আমেদাবাদ।












Click it and Unblock the Notifications