বিরাট কোহলি ODI-এ চতুর্থবার পেলেন আইসিসি-র কোন স্বীকৃতি? বর্ষসেরা পুরস্কারে কামিন্স-সহ কাদের বাজিমাত?
ICC Awards 2023: আইসিসি বর্ষসেরা পুরস্কারের শেষ দফার তালিকা প্রকাশিত হলো আজ। পুরুষ ও মহিলাদের ক্রিকেটে বর্ষসেরা হলেন যথাক্রমে প্যাট কামিন্স ও ন্যাট সিভার-ব্রান্ট।
বিরাট কোহলি একদিনের আন্তর্জাতিকে বর্ষসেরার স্বীকৃতি আদায় করে নিলেন। আইসিসি ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ারের পুরস্কার তিনি পেলেন এই নিয়ে চতুর্থবার।

২০১২, ২০১৭ ও ২০১৮ সালের পর একদিনের আন্তর্জাতিকে ফের বর্ষসেরা হলেন কিং কোহলি। বিরাটই প্রথম কোনও ক্রিকেটার যিনি আইসিসির এই পুরস্কার চতুর্থবার পেলেন। এবি ডি ভিলিয়ার্স পেয়েছিলেন ৩ বার, তাঁকে পিছনে ফেললেন বিরাট। উল্লেখ্য, ভারত বিশ্বকাপ জিততে না পারলেও সবচেয়ে বেশি রান করে কোহলি টুর্নামেন্টের সেরার পুরস্কার জিতে নেন।
বিশ্বকাপে বিরাট ১১ ইনিংসে ৯টিতে ৫০-এর বেশি রান ররেন। ৭৬৫ রান করে পিছনে ফেলে দেন বিশ্বকাপের কোনও সংস্করণে (২০০৩) সচিন তেন্ডুলকরের করা সর্বাধিক রানের নজির। বিরাটের গড় ছিল ৯৫.৬২, স্ট্রাইক রেট ৯০.৩১, শতরান হাঁকান তিনটি। তার মধ্যে রয়েছে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করা সেঞ্চুরি। সচিনের সর্বাধিক ওডিআই শতরানের নজিরও ভেঙে দেন।
একদিনের আন্তর্জাতিকে তিনি ২০২৩ সালে ১৩৭৭ রান করেছেন। ৬টি শতরান ও ৮টি হাফ সেঞ্চুরির সৌজন্যে। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট গত বছর ২০৪৮ রান করেন। সচিন ও গিলই একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটে গত বছর ২ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন। বিরাটের সঙ্গে বর্ষসেরা ওডিআই ক্রিকেটার হওয়ার দৌড়ে গিল, মহম্মদ শামি ও ড্যারিল মিচেল ছিলেন।
বিরাট ২০১৭ ও ২০১৮ সালে আইসিসির বিচারে বর্ষসেরা ক্রিকেটার হয়ে স্যর গারফিল্ড সোবার্স ট্রফি পেয়েছিলেন। যদিও ২০২৩ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন অস্ট্রেলিয়াকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ খেতাব জেতানো অধিনায়ক প্যাট কামিন্স। রিকি পন্টিং, মিচেল জনসন, মাইকেল ক্লার্ক ও স্টিভ স্মিথের পর পঞ্চম অস্ট্রেলীয় হিসেবে তিনি এই পুরস্কারটি পেলেন।
কামিন্স গত বছর ১১টি টেস্টে ৪২টি, ওডিআইয়ে ১৩ ম্যাচে ১৭টি উইকেট পেয়েছেন। বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫১ রানে তিনটি ও ভারতের বিরুদ্ধে ফাইনালে ৩৪ রানে দুই উইকেট তুলে নিয়েছিলেন। মহিলাদের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন ইংল্যান্ডের অল-রাউন্ডার ন্যাট সিভার ব্রান্ট।
বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার পেলেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতলেন। তাঁর সঙ্গে লড়াইয়ে ছিলেন ট্রাভিস হেড, জো রুট ও রবিচন্দ্রন অশ্বিন। গত বছর খোয়াজা টেস্টে ১২১০ রান করেছেন, তিনি ছাড়া আর কেউ ১ হাজার রান করতে পারেননি ২০২৩ সালে। আইসিসির বর্ষসেরা আম্পায়ার হলেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। স্পিরিট অব ক্রিকেট পুরস্কার পেল জিম্বাবোয়ে।












Click it and Unblock the Notifications