ড্যারিল মিচেলের ম্যাচ জেতানো ইনিংসের পর হঠাৎ ভাইরাল মহেন্দ্র সিং ধোনি, কারণটা কী?
ইংল্যান্ড-নিউজিল্যান্ড সেমিফাইনাল যখন আবু ধাবিতে চলছিল মহেন্দ্র সিং ধোনি তখন রাঁচির বাড়িতে। চেন্নাই সুপার কিংসকে আইপিএল চ্যাম্পিয়ন করানোর পর ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব পালন করে দেশে ফিরেছেন মাহি। টি ২০ বিশ্বকাপ চলাকালীন তাঁর পরামর্শ নিতে দেখা গিয়েছিল প্রতিপক্ষ দলের অনেককেই। তবে প্রথম সেমিফাইনাল শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল গ্রেট ফিনিশার ধোনি!

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেও আইপিএল খেলছেন। বিশ্বের শ্রেষ্ঠ ফিনিশারদের মধ্যে উচ্চারিত হয় প্রাক্তন ভারত অধিনায়কের নাম। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল টি ২০ বিশ্বকাপের আগে পর্যন্ত মিডল অর্ডারে ব্যাট করতেন, ফিনিশারের ভূমিকা পালনেরই ভার থাকে তাঁর কাঁধে। তবে আইপিএল খেলে টিম সেইফার্ট দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়ায় কিউয়ি কোচ গ্যারি স্টেড ও অধিনায়ক কেন উইলিয়ামসন মিচেলকে ওপেন করতে পাঠান প্রস্তুতি ম্যাচগুলিতে। এরপর থেকে বিশ্বকাপে টানা ওপেন করেই আসছেন অলরাউন্ডার মিচেল। ছক্কা মারতেও তিনি বেশ পারদর্শী। টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম অর্ধশতরান করেই মিচেল কার্যত অসম্ভবকে সম্ভবে পরিণত করেছেন। ৪৭ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলে ম্যাচের সেরার পুরস্কারও পান।

মিচেল যখন ব্যাট করছিলেন তখন ধারাভাষ্য দিচ্ছিলেন প্রাক্তন কিউয়ি পেসার সাইমন ডুল। মিচেলের ইনিংস দেখে তাঁর প্রথম মনে পড়ল মহেন্দ্র সিং ধোনির কথাই। ডুলের কথায়, গ্রেট মহেন্দ্র সিং ধোনি, গ্রেট ফিনিশার ধোনি একবার আমাকে বলেছিলেন যত বেশি সময় ব্যাট করা যাবে, ইনিংস যতটা টেনে নিয়ে যাওয়া যাবে, ততই বিপক্ষ, বিশেষ করে বোলারদের উপর চাপ বাড়তে থাকে। ঠিক সেটাই করলেন মিচেল। অল্প সময়ের ব্যবধানে কম রানের মধ্যেই প্রথম দুটি উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু তারপরও শেষ অবধি ক্রিজে থেকে জয় নিশ্চিত করলেন মিচেল। মিচেলের বিস্ফোরক ইনিংসই প্রথমবার টি ২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছে কিউয়িদের। আর সেই ইনিংসের সঙ্গেই জুড়ে গেল ধোনির ক্রিকেটীয় মস্তিষ্ক!

ডুল যখন এই মন্তব্য করেন তখন নিউজিল্যান্ড জয়ের দোরগোড়ায়। ধোনির কথা উল্লেখ করে মিচেলের ইনিংস বিশ্লেষণ করায় ডুলের মন্তব্যে খুশি ধোনি-ভক্তরা। তাঁরা সেই ভিডিও ক্লিপিংস শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই আবু ধাবি আর রাঁচি মিলেমিশে একাকার। টি ২০ বিশ্বকাপে এবারই প্রথম ভারতীয় দল নামল যেখানে ধোনি নেতৃত্বে নেই। ব্যর্থতার পর তাই বেশি করে ক্রিকেটভক্তদের মনে পড়ছে গ্রেট ধোনির কথা।
My Man @msdhoni 🙇💛#ENGvNZ #T20WorldCup #WhistlePodu #Yellove @ChennaiIPL #PAKVSAUS #Valimai pic.twitter.com/Wh4LhTiO7W
— Mani Deva (@Mani_Devaa) November 11, 2021












Click it and Unblock the Notifications