তরুণ সাকারিয়ার পর করোনার থাবায় বাবাকে হারালেন অভিজ্ঞ ভারতীয় স্পিনার
তরুণ সাকারিয়ার পর করোনার থাবায় বাবাকে হারালেন অভিজ্ঞ ভারতীয় স্পিনার
করোনা ভাইরাস কেড়ে নিয়েছিল তরুণ বাঁ-হাতি ফাস্ট বোলার চেতন সাকারিয়ার বাবার প্রাণ। রবিবার সেই খবর প্রকাশ্যে আনা হয়েছিল। একদিন পর কোভিড ১৯-এ আক্রান্ত বাবাকে হারালেন ভারতীয় লেগ স্পিনার পীযূষ চাওলাও। সোশ্যাল মিডিয়ায় নিজেই এ কথা জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ ক্রিকেটার। শোকস্তব্ধ হয়েছে ক্রিকেট মহল।

করোনা কাড়ল চাওলার বাবার প্রাণ
করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে আইপিএল স্থগিত হয়ে যেতেই আট দলের ক্রিকেটাররা একে একে বাড়ি ফিরে গিয়েছেন। কিন্তু এই ফেরাটা পীযূষ চাওলার কাছে খুব একটা সুখকর হল না। বাবা প্রমোদ কুমার চাওলা যে কোভিড ১৯-এ আক্রান্ত, সে খবর আগেই পেয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ লেগ স্পিনার। বাড়ি ফিরেই দুঃসময়ের মুখোমুখি হতে হল চাওলাকে। করোনাই কেড়ে নিল ক্রিকেটারের বাবার প্রাণ।
চাওলার পোস্ট ভাইরাল
সোশ্যাল মিডিয়ায় পীযূষ চাওলার পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে তিনি বাবা প্রমোদ কুমার চাওলার মৃত্যু সংবাদ দিয়েছেন। জানিয়েছেন কোভিড এবং কোভিড পরবর্তী শারীরিক জটিলতার সঙ্গে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন তাঁর বাবা। অগ্রজের মহান আত্মার শান্তি কামনা করেছেন পীযূষ। বাবা চলে যাওয়ায় তিনি যে এক বড় আশ্রয় হারালেন, তাও জানাতে ভোলেননি ভারতীয় লেগ স্পিনার।

আপনজন হারিয়েছেন সাকারিয়া ও বেদা
করোনা ভাইরাসের আবহে ভারতে অনুষ্ঠিত হওয়া আইপিএল ২০২১-এ সাড়া জাগানো চেতন সাকারিয়া রাজস্থান রয়্যালসকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ জেতাতে বড় ভূমিকা নিয়েছেন। কিন্তু জীবনের যুদ্ধে বাবা কাঞ্জিভাই সাকারিয়াকে জিতিয়ে আনতে পারেননি সৌরাষ্ট্রের ২৩ বছরের বাঁ-হাতি ফাস্ট বোলার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালেই মৃত্যু হয়েছে ওই প্রবীণের। সাকারিয়ার মতোই করোনার থাবায় মা এবং দিদিকে হারিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অল রাউন্ডার বেদা কৃষ্ণমূর্তি।

করোনার প্রভাব বেড়েই চলেছে
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আবারও আক্রান্ত হয়েছেন চার লক্ষেরও বেশি মানুষ। ফের একদিনে প্রাণ হারিয়েছেন চার হাজারেরও বেশি মানুষ। সবমিলিয়ে দেশে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ২ কোটি ২২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ৪০ হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাজেহাল প্রশাসনের চিন্তা বাড়িয়েছে দেশে অক্সিজেনের ঘাটতি। পরিস্থিতি সামলাতে বিদেশ থেকে আনা হচ্ছে কনসেনট্রেটর।












Click it and Unblock the Notifications