ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে নেই ইংল্যান্ডের তারকা, ট্রেন্ট ব্রিজে রেকর্ডের হাতছানি বিরাটের সামনে
আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই ট্রেন্ট ব্রিজে শুরু হয়ে যাবে দ্বিতীয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়য়নশিপ। একাধিক নজির অপেক্ষায় রয়েছে দুই দলের ক্রিকেটারদের সামনেই। তবে ভারতীয় দল যেমন চোট সমস্যায় পড়েছে, তেমনই একই কারণে ইংল্যান্ড প্রথম টেস্টে পাচ্ছে না অলি পোপকে।

চোটের ধাক্কা ইংল্যান্ড শিবিরে
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান অলি পোপ। তাঁর উরুতে চোট রয়েছে। জানা গিয়েছে, গতকাল ট্রেন্ট ব্রিজে ফিটনেস টেস্টে তিনি উত্তীর্ণ হতে পারেননি। পোপ নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে ৮১ রান করেছিলেন। ফলে তাঁর না থাকা বড় ধাক্কা হতে চলেছে। পোপের পরিবর্ত কে হতে পারেন তা নিয়ে চলছে জল্পনা। ড্যান লরেন্স রয়েছেন। কিন্তু মনে করা হচ্ছে জো রুটের ইংল্যান্ড আস্থা রাখতে পারে অভিজ্ঞ জনি বেয়ারস্টোর উপরেই। যদিও ভারত সফরে একেবারেই চেনা ছন্দের ধারেকাছে ছিলেন না বেয়ারস্টো।

ভারত বনাম ইংল্যান্ড
এবার চোখ রাখা যাক কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের দিকে। ভারত ও ইংল্যান্ড পরস্পরের বিরুদ্ধে মোট ১২৬টি টেস্ট ম্যাচ খেলেছে। ইংল্যান্ড জিতেছে ৪৮টি, ভারত ২৯টি, ড্র হয়েছে ৪৯টি টেস্ট ম্যাচ। ২০১৮ সালের ইংল্যান্ড সফরে ভারত ১-৪ ব্যবধানে সিরিজ হেরেছিল। তবে ওই সিরিজে একমাত্র টেস্টটি ভারত জিতেছিল ট্রেন্ট ব্রিজেই, ২০৩ রানে। শেষ টেস্ট সিরিজে ভারত নিজেদের দেশে প্রথম টেস্টে হারার পরও ঘুরে দাঁড়ায়ে ৩-১ ব্যবধানে হারিয়েছিল জো রুটের দলকে এবং সেই সুবাদে বিরাট কোহলিরা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যান। তবে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ভারতের রেকর্ড কিন্তু বেশ ভালো। শেষ চারটি টেস্টের মধ্যে দুটিতে জিতেছে, একটিতে হেরেছে, ড্র হয়েছিল একটি।
|
বিরাটের সামনে নজিরের হাতছানি
ট্রেন্ট ব্রিজে শেষ টেস্টে ৯৭ ও ১০৩ রান করেছিলেন বিরাট কোহলি, দলকে জিতিয়ে হন ম্যাচের সেরা। তবে ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট শতরানের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর বিরাট শতরান পাননি। ফের আরও একবার তাঁর সামনে রিকি পন্টিংকে টপকে যাওয়ার হাতছানি রয়েছে। দেশের অধিনায়ক হিসেবে পন্টিংয়ের তুলনায় বিরাট অনেক কম ম্যাচ খেললেও অধিনায়ক হিসেবে শতরানের সংখ্যা দুজনেরই ৪১, ট্রেন্ট ব্রিজের পয়া মাঠে তাই প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ককে পিছনে ফেলতেই পারেন বিরাট ব্যাটে শতরানের দীর্ঘ খরা কাটিয়ে। ভারতে হয়ে বিরাট কোহলি ৪৮৪টি ইনিংসে মোট ২২,৮৭৫ রান করেছেন। ফলে ১২৫ রান করলেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার পূর্ণ হবে এবং সেই নজির বিরাট গড়বেন বিশ্বের দ্রুততম হিসেবেই। অধিনায়ক হিসেবে দেশকে ৩৬টি করে টেস্ট জিতিয়েছেন বিরাট কোহলি ও ক্লাইভ লয়েড। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তিকে টপকে সবচেয়ে বেশি টেস্ট জেতা অধিনায়কের তালিকায় বিরাট চারে পৌঁছে যেতে পারেন পয়া ট্রেন্ট ব্রিজে জিতলেই।

জো রুটের রেকর্ড
অ্যালাস্টেয়ার কুককে ছাপিয়ে সব ফরম্যাটে ইংল্যান্ডের সর্বাধিক রানের রেকর্ডটি নিজের দখলে নিতে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের দরকার মাত্র ২২ রান। ইংল্যান্ড যদি এই টেস্ট জেতে তাহলে ইংল্যান্ডের সফলতম টেস্ট অধিনায়কের তকমা পাবেন জো রুট। সেক্ষেত্রে তিনি পিছনে ফেলবেন মাইকেল ভনের ২৬টি টেস্ট জয়ের রেকর্ড।

ভারতীয়দের সামনে যে সব নজির
রবীন্দ্র জাদেজা ১৫ রান করলেই টেস্টে ২০০০ রানের মালিক হবেন। টেস্টে ২০০ বা তার বেশি উইকেট দখলে রাখার পাশাপাশি ২ হাজার রান পূর্ণ করে নজির গড়ার নিরিখে তিনি সেক্ষেত্রে হবেন পঞ্চম ভারতীয়। আর ২ উইকেট পেলে সব ফরম্যাট মিলিয়ে তাঁর ৪৫০টি উইকেটও হয়ে যাবে। আর পাঁচটি উইকেট পেলে রবিচন্দ্রন অশ্বিন হরভজন সিংয়ের ৪১৭টি উইকেটের রেকর্ড টপকে টেস্টে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে যাবেন। ১৬ রান পেলে অজিঙ্ক রাহানের ৮ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ হবে। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করতে রোহিত শর্মার প্রয়োজন ২৫২ রান, যা এই সিরিজেই হতে পারে।
|
ইংল্যান্ডের টার্গেট
টেস্টে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হতে জেমস অ্যান্ডারসনের দরকার আর ৩টি উইকেট। সেক্ষেত্রে তিনি টপকে যাবেন অনিল কুম্বলের ৬১৯টি টেস্ট উইকেটের রেকর্ড। মুথাইয়া মুরলীধরন (৮০০) ও শেন ওয়ার্নের (৭০৮)-এর পর সেক্ষেত্রে তিনে চলে আসবেন জিমি অ্যান্ডারসন। ইংল্যান্ডের স্যাম কারান আর ৬টি উইকেট পেলে ৫০টি টেস্ট উইকেটের মালিক হবেন। ১৭ রান করলে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট রান চার অঙ্কের ঘরে পৌঁছাবে। ১৫ রান করলে ডম সিবলির ১ হাজার টেস্ট রান পূর্ণ হবে। আর তিন উইকেট পেলে সব ফরম্যাট মিলিয়ে মঈন আলি তিনশো উইকেটের ক্লাবে ঢুকে পড়বেন। ২০০টি টেস্ট উইকেট থেকে আলি রয়েছেন ১১ উইকেট দূরে। এর আগে মাত্র তিনজন ইংল্যান্ড স্পিনারই এই কৃতিত্ব অর্জন করেছেন। সব ফরম্যাট মিলিয়ে ৯ হাজার রান পূর্ণ করতে জনি বেয়ারস্টোর দরকার ১৬২ রান।












Click it and Unblock the Notifications