মারমুখী মিচেলে মর্গ্যানের মহাকীর্তি মরীচিকাই! স্মরণীয় সেমিফাইনালে কিউয়িদের প্রতিশোধে অমরত্ব মোহনের
২০১৯ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে ৫০ ওভারের বিশ্বকাপ জয়। গত বছর ঠিক ১০ নভেম্বর অকল্যান্ডে নিউজিল্যান্ডকে সুপার ওভারে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জয়। ৫০ ওভারের পর টি ২০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই সংযুক্ত আরব আমিরশাহীতে বিশ্বকাপ অভিযানে নেমেছিলেন ইয়ন মর্গ্যান। কিন্তু ড্যারিল মিচেলের বিস্ফোরক ইনিংসে যাবতীয় প্রতিশোধ নিয়ে নিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।
|
হারলেও গর্বিত
ম্যাচের পর ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান বলেন, কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলকে পুরো কৃতিত্ব দেব। সব বিভাগেই আজ আমাদের পর্যুদস্ত করে তাঁরা জয়লাভ করেছেন। তবে আমাদের কোনও ভুলও আমার চোখে পড়ছে না। লড়াই চালিয়েছি, সকলেই নিজেদের ভালোভাবে মেলে ধরেছেন, কিন্তু তারপরও জয় হাতছাড়া হয়েছে। আমার দলের সকলকে নিয়ে আমি গর্বিত। একটা সময় অবধি কিউয়ি ব্যাটারদের উপর আমরা রাশ টানতে সক্ষম হয়েছিলাম। নিউজিল্যান্ড পরিকল্পনামাফিক ইনিংস গড়ে তারপর আক্রমণাত্মক ব্যাটিং করেছে। প্রথমে ব্যাটিংয়ের সময় ছক্কা মারা সমস্যা হচ্ছিল, যা পরের দিকে হয়নি। আমরা যে রান তুলেছিলাম তা যথেষ্টই মনে হয়েছিল এবং একটা সময় মনে হচ্ছিল ম্যাচ আমাদের দিকেই ঝুঁকবে। তবে জিমি নিশামের মতো ক্রিকেটার প্রথম বল থেকেই ছক্কা মারতে পারেন। তাই তাঁকেও কৃতিত্ব দিতেই হবে। অধিনায়ক হিসেবে গর্ব অনুভবের পাশাপাশি মর্গ্যান এদিন জানিয়েছেন টি ২০ আন্তর্জাতিকে খেলা এখনও চালিয়েই যাবেন। তবে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে তাঁকেই ফের ইংল্যান্ড অধিনায়ক হিসেবে দেখা যাবে কিনা তা স্পষ্ট হবে আগামী দিনেই।

নজির হাতছাড়া
এদিন সেমিফাইনালে জিতলেই মহাকীর্তি গড়ে ফেলতে পারতেন ইংল্যান্ড অধিনায়ক। বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে তিনি পরপর দুটি টি ২০ বিশ্বকাপ ফাইনাল খেলতে পারতেন। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত তৃতীয় টি ২০ বিশ্বকাপের ফাইনালে ব্রিজটাউনে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পল কলিংউডের ইংল্যান্ড। সেই দলে ছিলেন ইয়ন মর্গ্যান। এরপর ষষ্ঠ টি ২০ বিশ্বকাপে ফের ফাইনালে ওঠে ইংল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে ২ বল বাকি থাকতে ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে ৪ উইকেটে পরাস্ত করে ২০১২ সালের পর ২০১৬ সালের টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন স্যামি ২০১২, ২০১৪ ও ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ছিলেন, কিন্তু পরপর দুটি টি ২০ বিশ্বকাপের ফাইনালে তিনি দলকে পৌঁছে দিতে পারেননি। যেটা করতেই পারতেন মর্গ্যান, তবে ডেথ ওভারের বোলিংই সব হিসেব ওলট-পালট করে দিল।

কাছে, তবু দূরে
ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে মর্গ্যানের কাছে তিনটি টি ২০ বিশ্বকাপ ফাইনাল খেলার হাতছানিও ছিল। অধিনায়ক হিসেবে পরপর দুটি টি ২০ বিশ্বকাপ ফাইনাল খেলার নজিরও এর আগে বিশ্বে কারও নেই। মর্গ্যানের অধিনায়কত্বে কলকাতা নাইট রাইডার্স সংযুক্ত আরব আমিরশাহীতেই এবার আইপিএল ফাইনাল খেলেছে, সেখানে হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংসের কাছে। শ্রীলঙ্কা তিনবার টি ২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছে, তিন আলাদা ক্রিকেটার (কুমার সঙ্গকারা, মাহেলা জয়বর্ধনে ও লসিথ মালিঙ্গা)-র নেতৃত্বে। সঙ্গকারা, দিলশান, জয়বর্ধনে, মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুজদের তিনটি টি ২০ বিশ্বকাপ ফাইনাল খেলার নজিরেও এবার থাবা বসাতে পারতেন মর্গ্যান। ২০০৯ ও ২০১২ সালের টি ২০ বিশ্বকাপ ফাইনালে যথাক্রমে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পর ২০১৪ সালের টি ২০ বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠতে পারলে শ্রীলঙ্কার পর তারাও তৃতীয়বার টি ২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। পরপর দুটি টি ২০ বিশ্বকাপ ফাইনাল এর আগে খেলেছে পাকিস্তান (২০০৭ ও ২০০৯) এবং শ্রীলঙ্কা (২০১২ ও ২০১৪)। ২০০৭ ও ২০০৯-এর টি ২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছেন শোয়েব মালিক। ২০০৭ সালে তিনি পাকিস্তানের অধিনায়ক থাকলেও ২০০৯ সালে পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল ইউনিস খানের নেতৃত্বে। ড্যারেন স্যামি ছাড়া আর কেউ অধিনায়ক হিসেবে তিনটি টি ২০ বিশ্বকাপ ফাইনাল খেলেননি।
|
মোহন স্মরণে
এদিকে, এদিনই বিশ্বকাপের শেষ ম্যাচ খেলা হল আবু ধাবিতে। ৭ নভেম্বর আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে সুপার টুয়েলভের ম্যাচের আগেই প্রয়াত হন শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর মোহন সিং। বিসিসিআইয়ের প্রাক্তন চিফ কিউরেটর দলজিৎ সিংয়ের কাছে পিচ তৈরির কাজ শিখে তিনি চলে যান সংযুক্ত আরব আমিরশাহীতে। ১৫ বছর ধরে সেখানকার কিউরেটর ছিলেন। তাঁর অকালপ্রয়াণ সত্ত্বেও মোহনের পরিবার, আবু ধাবি ক্রিকেট ও গ্রাউন্ড স্টাফরা অনুরোধ করেছিলেন খেলা চালিয়ে যাওয়ার। আইসিসি শোকবার্তা দিয়েছিল। আজ সেমিফাইনাল শুরুর আগে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দলের সকলেই মোহনের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। অসাধারণ পিচে স্মরণীয় ম্যাচ দেখে তাই সকলের মননে গেঁথে রইলেন মোহন।
It is with great sadness that Abu Dhabi Cricket announces that Head Curator, Mohan Singh, has passed away today.
— Abu Dhabi Cricket (@AbuDhabiCricket) November 7, 2021
Mohan has been with Abu Dhabi Cricket for 15 years and has played a pivotal role in all of the venue’s success during that time.
(1/3) pic.twitter.com/9iklb9hkB5












Click it and Unblock the Notifications