নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও পূর্ণশক্তি নিয়ে নামবে না ভারত, অধিনায়কের দৌড়ে দুই ব্যাটার
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের পর কানপুর ও মুম্বইয়ে দুটি টেস্ট খেলবে ভারত। টি ২০ সিরিজের দলে যাঁরা রয়েছেন তাঁরা ইতিমধ্যেই জয়পুরে তিন দিনের কোয়ারান্টিনে থাকতে শুরু করে দিয়েছেন। যুজবেন্দ্র চাহাল নিভৃতবাসে থাকার প্রথম দিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। টি ২০ বিশ্বকাপ খেলে ফেরা ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলা যে ক্রিকেটাররা নিউজিল্যান্ড সিরিজের দলে রয়েছেন তাঁরা পরিবারের সঙ্গে ২-৩ দিন কাটিয়ে ১৩ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন। বাকিদের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে থাকতে হচ্ছে নিভৃতবাসে।

টি ২০ সিরিজের দল ঘোষণা হলেও টেস্ট সিরিজের দল এখনও ঘোষণা করেননি নির্বাচকরা। বিরাট কোহলি টি ২০ সিরিজ ও প্রথম টেস্টে বিশ্রাম নিতে পারেন বলে জানা গিয়েছিল। মুম্বইয়ে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে তিনি অধিনায়কত্ব করতে পারেন। তবে বোর্ডসূত্রে এমন খবরও পাওয়া যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও বিশ্রাম নিতে পারেন। ভারতের টেস্ট অধিনায়কের পদ থেকে বিরাট কোহলিকে সরানোর কোনও ভাবনা নেই নির্বাচকদের। তবে বিরাটের অনুপস্থিতিতে কিউয়িদের বিরুদ্ধে টেস্টে কাকে অধিনায়ক করা হবে তা নিয়েই চলছে জল্পনা। দু-একদিনের মধ্যে সেই জল্পনায় ইতি টেনে টেস্ট দল ঘোষণা করে দিতে পারেন নির্বাচকরা।

রোহিত শর্মাকে ইতিমধ্যেই টি ২০ দলের অধিনায়ক করা হয়েছে। একদিনের আন্তর্জাতিকেও দলের দায়িত্ব রোহিতের কাঁধেই তুলে দেওয়া হতে পারে। টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে রোহিত শর্মার সঙ্গেই রয়েছেন অজিঙ্ক রাহানে। রাহানের সাম্প্রতিক ফর্ম ধারাবাহিক নয়। রোহিত আবার তিন ফরম্যাটেই দারুণ ফর্মে থেকে জায়গা পাকা করে ফেলেছেন। যদিও টেস্টে অজিঙ্ক রাহানেকেই বিরাটের অনুপস্থিতিতে অধিনায়ক রাখা হতে পারে। ইংল্যান্ড সফরেও বিরাটের ডেপুটি ছিলেন রাহানে। রাহানে টেস্ট দলের অধিনায়কত্ব করলে দক্ষিণ আফ্রিকা সফরের আগে রোহিতকেও প্রয়োজনে বিশ্রাম দেওয়ার সুযোগ থাকবে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, শার্দুল ঠাকুরের সঙ্গে ঋষভ পন্থকেও বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে উইকেটকিপার হিসেবে প্রথম একাদশে কামব্যাক করবেন ঋদ্ধিমান সাহা, দ্বিতীয় উইকেটকিপার হিসেবে থাকবেন অন্ধ্রের কেএস ভরত। যাঁরা নিউজিল্যান্ড সিরিজের জন্য বায়ো বাবলে প্রবেশ করবেন তিন দিনের নিভৃতবাস কাটিয়ে তাঁদের দক্ষিণ আফ্রিকা সফর পর্যন্ত অর্থাৎ মাস তিনেক ফের জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে। সে কথা ভেবেই টানা খেলে চলা ক্রিকেটারদের কয়েকদিনের ছুটি দিয়েছে বোর্ড। এরই মধ্যে ভারতের ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠোরই থাকতে চলেছেন। বোলিং কোচ হবেন পরম মামব্রে। রাহুল দ্রাবিড়ের পছন্দমতো ফিল্ডিং কোচ হিসেবে অভয় শর্মাকে নিয়োগ করা হবে না, বোর্ডসূত্রে খবর ফিল্ডিং কোচ হতে চলেছেন টি দিলীপ।












Click it and Unblock the Notifications