এবাদতের স্বপ্নের স্পেলে চাপে বিশ্বচ্যাম্পিয়নরা! নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়ের দিকে বাংলাদেশ
টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে তাদের দেশেই এবার হারিয়ে ইতিহাস গড়ার দিকে এগোচ্ছে বাংলাদেশ। মাত্র ৯টি বলের মধ্যে এবাদত হোসেন তিনটি মূল্যবান উইকেট তুলে নেওয়াতেই উজ্জ্বল হলো টেস্ট জয়ের সম্ভাবনা। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের চেয়ে মাত্র ১৭ রানে এগিয়ে নিউজিল্যান্ড। হাতে রয়েছে মাত্র ৫ উইকেট। সবচেয়ে বড় কথা কিউয়িদের ব্যাটিং লেজ ধরে ফেলেছে টাইগাররা।
|
বাংলাদেশের প্রথম ইনিংসে লিড
মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের চতুর্থ দিন আজ বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪৫৮ রানে। নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে বাংলাদেশ এশিয়ার বাইরে সবচেয়ে বেশি ওভার (১৭৬.২ ওভার) খেলে এই রান তুলেছে। তৃতীয় দিনের শেষে বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর ছিল ১৫৬ ওভারে ৬ উইকেটে ৪০১। মেহেদি হাসান মিরাজ করেন ৪৭, ইয়াসির আলি ২৬। ট্রেন্ট বোল্ট চারটি, নিল ওয়াগনার তিনটি, টিম সাউদি দুটি ও কাইল জেমিসন একটি উইকেট নেন।
|
চাপে নিউজিল্যান্ড
জবাবে খেলতে নেমে অধিনায়ক টম লাথাম ব্যক্তিগত ১৪ রানে তাস্কিন আহমেদের বলে বোল্ড হন। ১৩ রানের বেশি করতে পারেননি ডেভন কনওয়ে। এবাদত হোসেনের বলে কনওয়ে আউট হন দলের ৬৩ রানের মাথায়। এরপর ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন উইল ইয়ং ও রস টেলর। বাংলাদেশের রান টপকেও যায় কিউয়িরা। কিন্তু দিনের শেষ লগ্নে এবাদত হোসেনের বিধ্বংসী স্পেল খাদের কিনারায় নিয়ে যায় কিউয়িদের।
|
বিধ্বংসী এবাদত
৫৪তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে এবাদত হোসেন প্যাভিলিয়নে ফেরান ইয়ং ও হেনরি নিকোলসকে। ৭টি চারের সাহায্যে ১৭২ বলে ৬৯ রান করে আউট হন ইয়ং। দুই বল পরেই শূন্য রানে আউট নিকোলস। নিজের পরের ওভার করতে এসে তৃতীয় বলে টম ব্লান্ডেলকে লেগ বিফোর করেন এবাদত। ২ উইকেটে ১৩৬ রান থেকে ৫ উইকেটে ১৩৬ হয়ে যায় নিউজিল্যান্ড। দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৬৩ ওভারে ৫ উইকেটে ১৪৭। ১০১ বল খেলে রস টেলর ৩৭ ও রাচিন রবীন্দ্র ৩০ বল খেলে ৬ রানে অপরাজিত রয়েছেন।
|
ইতিহাসের হাতছানি
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ এই নিয়ে ষোড়শ টেস্টটি খেলছে। তার মধ্যে ১২টিতে হেরেছে, তিনটি ড্র। নিউজিল্যান্ডের মাটিতেই কিউয়িদের টেস্টে হারানোর সুবর্ণ সুযোগ এবার মোমিনুল হকের দলের সামনে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের শেষ পাঁচটি উইকেট বাংলাদেশ তুলে নিয়েছিল ৬৩ রানে। ফলে তেমনটা হলে টেস্ট জয় অসম্ভব নয়। এবাদত ৪টি মেডেন-সহ ৩৯ রান দিয়ে চারটি উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে তিনি নেন ১টি উইকেট। তাস্কিন আহমেদ একটি উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications