MS Dhoni: ধোনিকে ১৫ কোটি টাকার ধোঁকা! কাদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ ক্যাপ্টেন কুল?
MS Dhoni: মহেন্দ্র সিং ধোনিকে ধোঁকা! যার জেরে ১৫ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়ে আদালতের দ্বারস্থ হলেন ক্যাপ্টেন কুল। তাঁর সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠল আরকা স্পোর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের বিরুদ্ধে।
২০১৭ সালে ধোনির সঙ্গে ওই সংস্থার যে চুক্তি হয়েছিল তার শর্ত মানা হয়নি বলে আদালতে জানিয়েছেন ধোনির প্রতিনিধি।

রাঁচি আদালতে ধোনি ফৌজদারি মামলা দায়ের করেছেন মিহির দিবাকর ও সৌম্য বিশ্বাসের বিরুদ্ধে। তাঁরা আরকা স্পোর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের কর্ণধার। বিশ্বব্যাপী ধোনির নামাঙ্কিত ক্রিকেট আকাদেমি খোলার বিষয়ে প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল সংস্থাটি।
কিন্তু সেই চুক্তির শর্ত মানাই হয়নি বলে আদালতকে জানিয়েছেন ধোনি। আকাদেমি খোলার যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তাতে উল্লেখ ছিল যে, ফ্র্যাঞ্চাইজি ফি ও লভ্যাংশের নির্দিষ্ট পরিমাণ অর্থ ধোনিকে দেবে ওই সংস্থা। কিন্তু বারবার এই বিষয়ে সংস্থাটিকে জানানো হলেও চুক্তির শর্ত সংস্থাটি লঙ্ঘন করেছে বলে অভিযোগ।
২০২১ সালের ১৫ অগাস্ট ধোনির তরফে সংস্থাটিকে আকাদেমি খোলা সংক্রান্ত অনুমতি প্রত্যাহার করা হয়। এমনকী বেশ কয়েকবার আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু তাতেও কাজের কাজ হয়নি। বিধি অ্যাসোসিয়েটসের দয়ানন্দ সিং (যিনি ধোনির প্রতিনিধিত্ব করছেন)-এর দাবি, ধোনিকে অন্তত ১৫ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হয়েছে সংস্থাটি চুক্তি লঙ্ঘন করায়।
ধোনির ঘনিষ্ঠ বন্ধু সিমন্ত লোহানি, যিনি চিট্টু নামে পরিচিত, তাঁর দাবি, আরকা স্পোর্টসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করায় মিহির দিবাকর তাঁদের হুমকি দিয়েছেন, হেনস্থাও করেছেন। ধোনি সম্প্রতি দেশে ফিরেছেন দুবাই থেকে। ক্রিসমাস ও বর্ষবরণের সময়টি কাটিয়েছেন সেখানেই। ধোনির সঙ্গে ছিলেন ঋষভ পন্থও। তারপরই ধোনির আদালতের দ্বারস্থ হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications