CT 2025, IND vs PAK Exclusive: ভারসাম্য আর গভীরতায় এগিয়ে ভারত, তিন তারকাতেই আস্থা লক্ষ্মীর
CT 2025, IND vs PAK: আজ দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ। গোটা বিশ্বের নজর এই হাইভোল্টেজ ম্যাচের দিকে। দুই দলেই রয়েছেন একঝাঁক তারকা।
আজকের ম্যাচে ভারতকেই এগিয়ে রাখলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা। কোন তিন ক্রিকেটার আজকের ম্যাচে ফ্যাক্টর হয়ে উঠতে পারেন, সেটাও ওয়ানইন্ডিয়াকে জানালেন লক্ষ্মী।

লক্ষ্মীরতন শুক্লা বলেন, ভারত-পাকিস্তান ম্যাচ এতটাই উত্তেজনার হয় যে কে এগিয়ে কে পিছিয়ে তা বলাটা কঠিন। তবে যেভাবে ভারত প্রত্যেকটা সিরিজে খেলছে তা সে বিশ্বকাপই হোক বা চ্যাম্পিয়ন্স ট্রফি- ভারত অনেকটাই এগিয়ে। দলের ভারসাম্য আর গভীরতার কারণেই আমি ভারতকে এগিয়ে রাখছি।
রোহিত শর্মা ও বিরাট কোহলির দিকেও আজ সকলের নজর থাকবে। লক্ষ্মী বলেন, রোহিত ও বিরাটের ফর্ম নিয়ে আমরা সবাই কথা বলছি। কিন্তু মনে রাখতে হবে এত বড় কেরিয়ারে ব্যাড প্যাচ আসবেই। এমন নয় যে, তাঁরা ফর্মে নেই। মাঝেমধ্যে রানও করছেন।
লক্ষ্মীর কথায়, বিরাট আর রোহিতকে আমরা রান পেতেও দেখছি। জীবনভর কেউ রান করে যেতে পারেন না। খারাপ সময় আসে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে আমরা দুজনকেই ভালো ব্যাট করতে দেখেছি। রোহিত ৪১ ও বিরাট ২২ করে আউট হয়েছেন। তাঁদের ব্যাটিং দেখে ভালো লেগেছে। আশা করি, আজকের ম্যাচেও তাঁদের স্ট্রং ব্যাটিং দেখব। কারণ, ভারত-পাকিস্তান ম্যাচে ভালো খেলতেই হবে।
বিরাট কোহলি গতকাল দুবাইয়ে দীর্ঘক্ষণ নেটে স্পিনারদের সামলেছেন। বারবার ওডিআইয়ে যে লেগ স্পিনারের বলে আউট হচ্ছেন, সেই খামতি মিটিয়ে ছন্দে ফিরতে মরিয়া কোহলি। লক্ষ্মীরতন শুক্লা বলেন, বিরাট হাজার হাজার রান করেছে। এমন একটা প্যাচ সকলের জীবনে যায়, যখন লেগ স্পিনারের বলে তিনি আউট হচ্ছেন। তবে বিরাট কিন্তু ব্যাটিং ভালো করছেন।
লক্ষ্মী আরও বলেন, এমনও নয় যে বিরাট টাচে নেই। মাধেমধ্যে লেগ স্পিনারের বলে স্ট্রাগল করতে দেখছি। আমি নিশ্চিত বিরাট নিজেও এই বিষয়টিকে গুরুত্ব দেবেন। শট খেলাটা একটু আগে হয়ে যাচ্ছে। লেগ স্পিনারকে খেলতে একটু অপেক্ষা করতে হবে। স্পিনারকে খেলা একটা শিল্প। বিরাট সেই শিল্পে নিজেকে আরও বেশি শক্তিশালী করবেন। আশা, আজ তিনি আউটস্ট্যান্ডিং ম্যাচ জেতানো ইনিংসই খেলবেন।
ভারতীয় পেস বোলিংকে নেতৃত্ব দেবেন মহম্মদ শামি, পাকিস্তানকে শাহিন শাহ আফ্রিদি। শামি বাংলাদেশ ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন। লক্ষ্মীরতন শুক্লা বলেন, দুজনেই ভালো বোলার। তবে শামিই অনেকটা এগিয়ে। শামি যেভাবে কামব্যাক করেছেন তাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো এত স্ট্রং কামব্যাক নিজের চোখে কারও ক্ষেত্রে দেখিনি। আমি অধিনায়ক থাকাকালীন শামির অভিষেক হয়েছিল। আমার কোচিংয়ে শামির কামব্যাক। এর থেকে ভালো কিছু হতে পারে না। আজকের ম্যাচে শামিও কিন্তু ফ্যাক্টর হবেন।












Click it and Unblock the Notifications