মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপজয়ীদের অভিনন্দন মমতার, আর্থিক পুরস্কার দেবে রাজ্য সরকার
ইংল্যান্ডকে হারিয়ে প্রথম মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপ জিতেছে শেফালি ভার্মার ভারত। দলে বাংলার সদস্যদের ৫ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার।
শেফালি ভার্মার নেতৃত্বাধীন ভারতের অনূর্ধ্ব ১৯ দল ইতিহাস গড়েছে। এই প্রথম মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপ চালু করল আইসিসি। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ২০০৭ সালে প্রথম টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। প্রমীলাদের যুব বিশ্বকাপের প্রথম সংস্করণেও চ্যাম্পিয়ন ভারত। অভিনন্দন ও শুভেচ্ছাবার্তার জোয়ারে ভাসছেন দলের সদস্যরা। এই দলে রয়েছেন বাংলার চারজন। তাঁদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার।

আজ সল্টলেকের উন্নয়ন ভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠক (৩৭তম অধিবেশন) ছিল। সভার শুরুতে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনূর্ধ্ব ১৯ মহিলা দলের অধিনায়ক শেফালি ভার্মা-সহ দলের প্রত্যেক খেলোয়াড়কে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য হার্দিক অভিনন্দন জানান। তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এর আগে টুইটেও বিশ্বজয়ী দলকে অভিনন্দন-বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী। গতকাল পোচেফস্ট্রুমে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। ১৭.১ ওভারে ইংল্যান্ড ৬৮ রানে অল আউট হয়ে যায়। তিতাস সাধু, অর্চনা দেবী ও পার্শ্বী চোপড়া দুটি করে উইকেট দখল করেন। জবাবে ভারত ১৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে মাত্র তিন উইকেট খুইয়ে। সৌম্যা তিওয়ারি ২৪ রানে অপরাজিত থাকেন। গোঙ্গাডি তৃষা করেন ২৪।
Heartiest congratulations to India’s Under 19 Women’s Cricket Team.
— Mamata Banerjee (@MamataOfficial) January 29, 2023
What a stellar victory in the inaugural Under 19 Women’s T20 World Cup!
This is only the beginning, I am certain the daughters of India will scale greater heights in the days ahead.
রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, বিশ্বকাপজয়ী দলে বাংলার তিনজন খেলোয়াড়- রিচা ঘোষ, তিতাস সাধু ও হৃষিতা বসু এবং বোলিং কোচ রাজীব দত্তকে ৫ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁরা রাজ্যে ফিরলে সংবর্ধনা প্রদানও করা হবে বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস। রিচা ঘোষ ইতিমধ্যেই ভারতীয় দলের নিয়মিত সদস্য। হুগলির চুঁচুড়ার তিতাস গতকাল ফাইনালে ৪ ওভার বল করে মাত্র ৬ রান খরচ করে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। হৃষিতার বাড়ি হাওড়ায়, তিনি লক্ষ্মীরতন শুক্লার এলআরএস বাংলা আকাদেমির শিক্ষার্থী। তিনিও উইকেটকিপার। তবে রিচা থাকায় তিনিই কিপিং করেছেন। ভারত যখন ৭ উইকেটে ম্যাচ জেতে তখন সৌম্যা তিওয়ারির সঙ্গে ক্রিজে ছিলেন হৃষিতা।
Women’s Cricket in India is on the upswing and the World Cup triumph has taken the stature of women’s cricket several notches higher. I am delighted to announce INR 5 crore for the entire team and support staff as prize money. This is surely a path-breaking year.
— Jay Shah (@JayShah) January 29, 2023
এদিকে, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলকে রাজকীয় সংবর্ধনা দেবে বিসিসিআই। দলকে অভিনন্দন জানিয়ে টুইট-বার্তায় বোর্ড সচিব জয় শাহ লেখেন, বুধবার ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি ২০ আন্তর্জাতিক ম্যাচের সময় শেফালি ভার্মার নেতৃত্বাধীন দল আমেদেবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত থাকবে। সেখানেই হবে বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন। কাপজয়ী দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য জয় শাহ ৫ কোটি টাকার আর্থিক পুরস্কারের ঘোষণাও করেছেন।












Click it and Unblock the Notifications