Champions Trophy: নিউজিল্যান্ড ম্যাচে ভারতের ওপেনিং জুটি নিয়ে চর্চা, গিলের ডেপুটি হতে পারেন কে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝপথেই ভারতের অধিনায়ক বদল হতে পারে! চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের আর মাত্র একটি গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি আছে আগামী ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচে রোহিত শর্মা নাও খেলতে পারেন। তাঁর পরিবর্তে নেতৃত্ব দিতে পারেন শুভমান গিল। এবার প্রশ্ন কে হবেন ভারতের সহ অধিনায়ক?
রোহিত শর্মার নেতৃত্বেই প্রথম দুই ম্যাচে ( বাংলাদেশ ও পাকিস্তান) জিতে সেমিফাইনালে স্থান করে নিয়েছে ভারত। তবে আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জন্য। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নাও খেলতে পারেন রোহিত শর্মা, এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দিতে পারেন শুভমান গিল। তিনিই ভারতের সহ অধিনায়ক। তিনি অধিনায়ক হলে নতুন সহ অধিনায়ক বাছতে হবে টিম ম্যানেজমেন্টকে।

রোহিত খেলতে না পারলে ভারতীয় দলে রদবদল হবে। ব্যাটিংয়ে গিলের সঙ্গে কে ওপেন করবেন সেটাও দেখার বিষয়। কারণ কেএল রাহুলের ফিক্সড জায়গা নেই ব্যাটিংয়ে। তাঁকে এক ম্যাচের জন্য ওপেন করানো হতে পারে। একই সঙ্গে চর্চায় সহ অধিনায়কও। জল্পনায় আছে রাহুল এবং শ্রেয়সের নাম। পাশাপাশি বোলিংয়ে পরিবর্তন হয় কিনা সেটাও দেখার।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিং চোট পান রোহিত। ভারত অধিনায়ক রোহিত শর্মা ফিল্ডিং করার সময় অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন। যদিও পরে ব্যাটিং করতে নামেন। রোহিতের চোট গুরুতর নয় কিন্তু টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না। নিউজিল্যান্ড ম্যাচের আগে রোহিত এবং গম্ভীর আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন এই বিষয়ে। তবে কিউয়িদের বিরুদ্ধেই ওডিআই ক্রিকেটে নেতৃত্বে অভিষেক হতে পারে গিলের।
ভারতীয় দল ইতিমধ্যেই সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে, আগামী ৪ অথবা ৫ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের সেমিফাইনাল ম্যাচ হবে। তবে ভারতের সেমিফাইনাল ম্যাচ কবে হবে এবং প্রতিপক্ষ কারা হতে পারে সেটা ঠিক হবে আগামী রবিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের উপরই।
ওডিআই ক্রম তালিকায় শীর্ষস্থান মজবুত করেছেন শুভমান গিল। বুধবার প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, ৮১৭ পয়েন্ট নিয়ে ১ নম্বর স্থান আরও শক্তপোক্ত করেছেন গিল। একইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে ক্রম তালিকায় উন্নতি করেছেন বিরাট কোহলিও।












Click it and Unblock the Notifications