Champions Trophy 2025: ভারত যাবে না পাকিস্তানে? চ্য়াম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হওয়ার সম্ভাবনা জোরালো
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে মার্চ অবধি। আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও টু্নামেন্টটি পুরোপুরিভাবে পাকিস্তানে নাও হতে পারে।
ভারতীয় দল এই টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যাবে না বলে দাবি করছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে। সে কারণেই এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার সম্ভাবনা।

২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল। সেবার ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। আগামী বছর থেকে ফের এই টুর্নামেন্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। কিন্তু জটিলতা কাটছে না। বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, ভারত যাবে না পাকিস্তানে।
সেক্ষেত্রে বিসিসিআই আইসিসিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলি দুবাই বা শ্রীলঙ্কায় করানোর প্রস্তাব দেবে বলেই জানা গিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড যে খসড়া ক্রীড়াসূচি আইসিসির কাছে পাঠিয়েছে তাতে ভারতের ম্যাচগুলি লাহোরে আয়োজনের প্রস্তাব দিয়েছে। ১ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা।
বিসিসিআইয়ের সভাপতি রাজীব শুক্লা আগেই বলেছিলেন, পাকিস্তানে দল পাঠানোর প্রশ্নে কেন্দ্রীয় সরকারের অবস্থানতে মান্যতা দিয়ে সেই সংক্রান্ত নির্দেশ মেনে চলবে বিসিসিআই। এবার বোর্ড সূত্রে আরও একবার জানা গেল, ভারতীয় দলের পাকিস্তানে যাওয়া পুরোপুরিভাবে অনিশ্চয়তায় ভরা।
এশিয়া কাপ হাইব্রিড মডেলে হয়েছিল। পাকিস্তান আয়োজক থাকলেও বেশিরভাগ ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কাতেই। বড় বড় হুঙ্কার দিলেও তা ঠেকাতে পারেনি পাকিস্তান। কেন না, সিংহভাগ দেশই সমর্থন করেছিল ভারতের অবস্থানকে। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা নিয়ে টালবাহানা করেও একঘরে পাকিস্তান এ দেশে এসেছিল খেলতে।
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নাকভি সম্প্রতি পিসিবির বৈঠকে আশ্বাস দিয়েছেন, টুর্নামেন্ট পুরোটাই পাকিস্তানে করার চেষ্টা চালানো হচ্ছে। চলতি মাসেই কলম্বোয় আইসিসির বোর্ড মিটিং রয়েছে। সেখানে এই বিষয়ে আলোচনা হবে। তবে বিসিসিআই সূত্রে দাবি, এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলেই হবে।
২০১২-১৩ মরশুমের পর পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত। ২০০৮ সালের পর ভারতীয় দল পাকিস্তানেও যায়নি। সীমান্তে জঙ্গি কার্যকলাপ বন্ধ হলে তবে ভারতীয় দল পাকিস্তানে পাঠানোর বিষয়টি ভেবে দেখা হবে বলে জানিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
কিন্তু সীমান্তে জঙ্গি কার্যকলাপ থামেনি। সাম্প্রতিক নানা ঘটনায় বেশ কয়েকজন জওয়ান শহিদ হয়েছেন। জঙ্গি নিধনও করেছে সেনাবাহিনী। এই আবহে ভারতের ক্রিকেট দলের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা দেখছেন না কূটনীতিকরাও।
এশিয়া কাপ পাকিস্তানেই পুরোটাই আয়োজনের অবস্থানে আত্মবিশ্বাসী থাকলেও শেষ অবধি পিছু হঠতে হয়েছিল পিসিবিকে। সেই সময় পিসিবির তরফে বলা হয়েছিল, এশিয়া কাপ হাইব্রিড মডেলে হলে তেইশের বিশ্বকাপও হাইব্রিড মডেলে করতে হবে। যদিও এশিয়া কাপ হাইব্রিড মডেলেই হয় এবং বিশ্বকাপ খেলতে এ দেশে আসতে হয় পাকিস্তানকে।












Click it and Unblock the Notifications