CT 2025, NZ vs SA: রবীন্দ্র ফের হাঁকালেন শতরান, রাচিনের পাশাপাশি নজির কেন উইলিয়ামসনেরও
CT 2025, NZ vs SA: লাহোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে বড় রানের দিকে এগিয়ে চলেছে নিউজিল্যান্ড। ইতিমধ্যেই শতরান হাঁকালেন রাচিন রবীন্দ্র।
এই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেন রবীন্দ্র। এবারের টুর্নামেন্টে তিনিই প্রথম ক্রিকেটার যিনি দুটি শতরান হাঁকালেন। ৪৮তম ওডিআই অর্ধশতরান পূর্ণ করার ফাঁকে নজির গড়লেন কেন উইলিয়ামসনও।

আজ অষ্টম ওভারের পঞ্চম বলে লুঙ্গি এনগিডির বলে আউট হন উইল ইয়ং। ২৩ বলে ২১ রান করে, তিনটি চারের সাহায্যে। ৪৮ রানে প্রথম উইকেট পড়েছিল। তারপর শতাধিক রানের পার্টনারশিপ গড়েন কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র। এই প্রতিবেদন লেখা অবধি যে জুটি অবিচ্ছেদ্য।
এদিন ১০ রান পূর্ণ করার সঙ্গে সঙ্গেই কেন উইলিয়ামসন ঈর্ষণীয় নজির গড়েন। এর আগে অবধি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক স্কোর ছিল স্টিফেন ফ্লেমিংয়ের। ১৩ ইনিংসে ৪৪১ রান। ১০ ইনিংসে ফ্লেমিংকে টপকে যান কেন।
রাচিন ৪৭ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। তখন তাঁর নামের পাশে সাতটি চার। এদিন ওডিআই কেরিয়ারের পঞ্চম শতরানটি তিনি পূর্ণ করলেন ৯৩ বল খেলে। ১২টি চার ও ১টি ছয়ের সাহায্য়ে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের দ্বিতীয় ওডিআই খেলছেন, পেলেন প্রথম শতরান।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে ১০৫ বলে ১১২ রান করেছিলেন রাচিন। এ ছাড়াও তাঁর ওডিআই শতরান রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে। রাচিন রবীন্দ্রর পাঁচটি ওডিআই শতরানই আইসিসি ইভেন্টে। ভাঙলেন মাহমুদুল্লাহর ৪টি শতরানের নজির। তিনটি ২০২৩ সালের বিশ্বকাপে। ২টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় শতরান হাঁকানোর সঙ্গে সঙ্গেই একঝাঁক ক্রিকেটারের সঙ্গে নিজের নাম লেখালেন ২৫ বছরের রাচিন। ভারতের শিখর ধাওয়ান, সৌরভ গঙ্গোপাধ্যায়, পাকিস্তানের সঈদ আনোয়ার, শ্রীলঙ্কার উপুল থরঙ্গা, ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিক ও জো রুট এবং অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন চ্য়াম্পিয়ন্স ট্রফিতে ২টি করে শতরান পেয়েছেন। একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি শতরান হাঁকানোর নজির রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের (২০০৬ সাল)।
২০২০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (আইসিসি নকআউট)-তে আনোয়ার ও সৌরভ ২টি করে শতরান পেয়েছিলেন। ২০০২ সালে সেই নজির স্পর্শ করেন গিবস। ২০০৬ সালে থরঙ্গা ও ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়াটসন ২টি সেঞ্চুরি হাঁকান। ২০১৩ সালে ধাওয়ান। এবার এই নজির ছুঁলেন রবীন্দ্র।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি করে শতরান রয়েছে ভারতের শিখর ধাওয়ান ও সৌরভ গঙ্গোপাধ্যায়, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। এদিন কেরিয়ারের ৪৮তম ওডিআই অর্ধশতরান পেলেন কেন উইলিয়ামসন। ৫৬ রানে তাঁর ক্যাচ ফেলেন হেইনরিখ ক্লাসেন।












Click it and Unblock the Notifications