Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে কতটা লক্ষ্মীলাভ, ফাইনালে হারলেই বা মিলবে কী পরিমাণ অর্থ?
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রবিবার দুবাইয়ে ভারতের সামনে নিউজিল্যান্ড। ভারত এবারের টুর্নামেন্টে অপরাজেয়।
গত রবিবার ভারত দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্য়াচে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। এই পরিস্থিতিতে ফাইনালে ভারত নামবে ফেভারিট হিসেবেই।

ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পরাস্ত করে ফাইনালে জায়গা করে নিয়েছে। ২০১৩, ২০১৭ সালের পর এবার নিয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে ভারত। নিউজিল্যান্ড খেলবে ২০০৯ সালের পর।
আইসিসি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি বাড়িয়েছে ২০১৭ সালের তুলনায় ৫৩ শতাংশ বেশি। মোট প্রাইজ পুল ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার। যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১৯ কোটি টাকা।
ফাইনালে যারা হারবে সেই রানার-আপ দল পাবে ১.১২ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৯.৭৮ কোটি টাকা। সেমিফাইনালে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। গতকালই লাহোরে প্রোটিয়াদের হারিয়েছে নিউজিল্যান্ড।
সেমিফাইনালে হেরে যাওয়া প্রত্যেক দল পাবে ৫ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার করে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪.৮৯ কোটি টাকা। ২০১৭ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরিয়েছে আইসিসি। ভারত ২০১৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ডকে হারিয়ে। যদিও ২০১৭ সালে ফাইনালে ভারতকে হারিয়েছিল পাকিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ২০০০ সালে ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড। এবার বিশ্বের ১ নম্বর দলের সামনে ২৫ বছর আগে হারের বদলা নেওয়ার হাতছানি। ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে গিয়েছিল কিউয়িরা। ২০২৩ সালের বিশ্বকাপের সেমিফাইনালে সেই পরাজয়ের বদলা নিয়ে, নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত চলে গিয়েছিল ফাইনালে। তবে খেতাব জিততে পারেনি। এবার কিউয়িদের বিরুদ্ধে বদলার ম্যাচ রোহিত শর্মাদের।












Click it and Unblock the Notifications