Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন পন্থ, দ্বিতীয় উইকেটকিপারের লড়াই ত্রিমুখী
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল ঘোষণা হবে রবিবারের মধ্যেই। খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। জসপ্রীত বুমরাহ আইসিসির এই ইভেন্টে খেলতে পারবেন কিনা সেদিকে সকলে তাকিয়ে।
উইকেটকিপার হিসেবে কারা দুবাইয়ের বিমান ধরবেন তা নিয়েও চলছে জল্পনা। প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থ থাকবেন। দ্বিতীয় উইকেটকিপারের জায়গার জন্য লড়াই ত্রিমুখী।

সঞ্জু স্যামসন বিজয় হাজারে ট্রফিতে খেলছেন না। তিনি শিবিরে যোগ না দেওয়ায় দলে রাখেনি কেরল। যদিও সঞ্জু ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের দলে রয়েছেন। গত বছর টি২০ আন্তর্জাতিকে তিনটি শতরান করেছেন স্যামসন, যার দুটি দক্ষিণ আফ্রিকায়।
ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের ওডিআই দল ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে দল ঘোষণা করা হবে, সেই দলই খেলবে জস বাটলারদের বিরুদ্ধে। সেই দলে অবশ্য সঞ্জু স্যামসনের থাকার সম্ভাবনা নেই বলে দাবি সংবাদসংস্থা পিটিআইয়ের।
সঞ্জু ২০২৩ সালে পার্লে শেষ ওডিআই খেলেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে তিনে নেমে ১১৪ বলে ১০৮ রান করে ম্যাচের সেরাও হয়েছিলেন। এরপর অবশ্য ভারতের ওডিআই একাদশে ঠাঁই হয়নি সঞ্জুর। আপাতত কয়েক মাসের জন্য সেই সম্ভাবনাও নেই।
টেস্ট ও একদিনের দলের জন্য ঋষভ পন্থ ও ধ্রুব জুরেলকেই ভাবছেন নির্বাচকরা। টি২০ আন্তর্জাতিকে প্রথম পছন্দের উইকেটকিপার-ব্যাটার হিসেবে ভাবা হচ্ছে স্যামসনকেই। এই পরিস্থিতিতে ভারতের চ্য়াম্পিয়ন্স ট্রফির দলে পন্থের থাকা নিশ্চিত।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে কে থাকবেন তা নিয়ে জল্পনা চলছে। ২০২৩ সালের বিশ্বকাপে লোকেশ রাহুল উইকেটকিপিং করেছিলেন। তবে চ্য়াম্পিয়ন্স ট্রফিতে রাহুল বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই দলে থাকবেন বলে জানা গিয়েছে।
ফলে পন্থের ব্যাক-আপ হিসেবে থাকার দৌড়ে আপাতত তিনজন। তাঁদের মধ্যে একজনের জন্যই মিলবে সুযোগ। ধ্রুব জুরেল, ঈশান কিষাণ ও সঞ্জু স্যামসনের মধ্যে জোর লড়াই। তবে বিজয় হাজারে ট্রফিতে না খেলায় পিছিয়ে পড়েছেন সঞ্জু। সবমিলিয়ে এই তিনজনের মধ্যে আবার এগিয়ে ধ্রুব জুরেল।
জুরেল এখনও ওডিআই খেলেননি। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দলে ছিলেন। তার আগে হারারেতে গত জুলাইয়ে জুরেলের টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজেও তাঁকে ভারতীয় দলে রাখা হয়েছে। যদিও এই সিরিজে স্যামসন থাকায় জুরেলের একাদশে থাকার সম্ভাবনা কম। অভিষেক শর্মার সঙ্গে স্যামসনই ওপেন করবেন।












Click it and Unblock the Notifications