Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি কি বাতিল হয়ে যাবে? মুখরক্ষায় কড়া মনোভাব, কুবুদ্ধি আঁটছে পাকিস্তান
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি কি বাতিল হয়ে যাবে? সেই চর্চা শুরু হয়ে গেল আইসিসির কাছ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড বার্তা পাওয়ার পর।
ভারত যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাবে না, তা পিসিবিকে জানিয়েছে আইসিসি। সেই সংক্রান্ত মেল পিসিবি পাঠিয়ে দিয়েছে পাকিস্তান সরকারের কাছে।

ভারত যদি পাকিস্তানে কোনও ইভেন্টে অংশ নিতে না যায়, তা হলে পাকিস্তানও ভারতে কোনও ক্রীড়া ইভেন্টের জন্য খেলোয়াড়দের, কিংবা কোনও দল পাঠাবে না। জিও টিভি সূত্রের দাবি, এই কড়া অবস্থানের বিষয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে ইসালামাদ।
পাকিস্তান সরকার যদি এমন সিদ্ধান্ত নেয় তাহলে ২০২৬ সালে ভারতে টি২০ বিশ্বকাপ আয়োজন নিয়েও অনিশ্চয়তা দেখা দেবে। উল্লেখ্য, ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপ খেলতে এ দেশে এসেছিল পাকিস্তান। তবে ভারতীয় দল পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যায়নি। এবার যাবে না চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলতেও।
২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের জন্য বিড জমা দিয়েছে ভারত। তাতে ভারতের বিরুদ্ধে লবি তৈরি করতে পাকিস্তান চেষ্টা চালাবে বলেও উল্লেখ করা হয়েছে জিও টিভির প্রতিবেদনে। ক্রিকেট-সহ নানা ক্রীড়াক্ষেত্রে ভারত সরকার রাজনীতিকে টেনে এনে প্রভাবিত করছে, সেই মর্মে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে অভিযোগ করারও ভাবনা রয়েছে পাকিস্তান সরকারের।
তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও কড়া মনোভাব দেখাচ্ছে পাক সরকার। ভারত পাকিস্তানে না খেললে কোনও টুর্নামেন্টে পাকিস্তানও খেলবে না বলে সরকারের তরফে পিসিবিকে বার্তা দেওয়া হচ্ছে বলে খবর। আর সে কারণেই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব নাকচ করতে নির্দেশ দেওয়া হচ্ছে পিসিবিকে।
পিসিবি সূত্র উদ্ধৃত করে পাক মিডিয়ার দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার আইসিসিকে জানিয়ে দেবে তাদের দল পাকিস্তানের বাইরে খেলতে যাবে না। ফলে ফাঁপড়ে পড়তে চলেছে আইসিসি-ই। ডিসেম্বরের ১ তারিখ যার চেয়ারম্যান হচ্ছেন বর্তমান বিসিসিআই সচিব জয় শাহ।
পাক সরকার পিসিবিকে নির্দেশ দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনওরকম সমঝোতার রাস্তায় না যেতে। তাতে আর্থিক ক্ষতি হলেও সমস্যা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানের স্বার্থে আঘাত না লাগে এমন যে কোনও পদক্ষেপেরই নির্দেশ দেওয়া হয়েছে।
আইসিসিকে এমন বার্তাও দেওয়া হবে যে, ভারতের অংশগ্রহণের সঙ্গে যদি আইসিসির রাজস্ব জড়িয়ে থাকে, তাহলে পাকিস্তানের ভূমিকাও কোনও অংশে কম নয়। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির রাজস্বে যে প্রভাব পড়তে বাধ্য সে বিষয়েও জোর দিচ্ছে পিসিবি।












Click it and Unblock the Notifications