Champions Trophy 2025: মিলারের শতরানেও দক্ষিণ আফ্রিকা 'চোকার্স'! চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-নিউজিল্যান্ড
Champions Trophy 2025: দক্ষিণ আফ্রিকা চোকার্স তকমা ঘোচাতে পারল না চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। ২০২৩ সালের বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকেই বিদায় নিল প্রোটিয়ারা।
ফলে নিউজিল্যান্ডই ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলতে দুবাই যাচ্ছে। আজ প্রোটিয়ারা আত্মসমর্পণ করলেন কিউয়ি স্পিনারদের বিরুদ্ধেই। এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ২০০০ সালের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য রেকর্ড ৩৬৩ রানের টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ড। পঞ্চম ওভারের পঞ্চম বলে রায়ান রিকেলটনকে (১২ বলে ১৭) ফেরান ম্যাট হেনরি। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক তেম্বা বাভুমা ও রাসি ভ্যান ডার ডুসেন ১০৫ রান যোগ করেন।
২২.২ ওভারে ১২৫ রানে দ্বিতীয় উইকেট হারায় প্রোটিয়ারা। চারটি চার ও ১টি ছয়ের সাহায্যে অধিনায়ক বাভুমা ৭১ বলে ৫৬ রান করে মিচেল স্যান্টনারের শিকার হন। ২৬.৫ ওভারে ১৬১ রানে পড়ে তৃতীয় উইকেট। রাসি ভ্যান ডার ডুসেন (৬৬ বলে ৬৯) স্যান্টনারের বলে বোল্ড হন।
সেখান থেকে ১৬৭ রানে চতুর্থ, ১৮৯ রানে পঞ্চম, ২০০ রানে ষষ্ঠ, ২১২ রানে সপ্তম ও ২১৮ রানে অষ্টম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। হেইনরিখ ক্লাসেন ৭ বলে ৩ রান করে স্যান্টনারের তৃতীয় শিকার। এইডেন মার্করাম ২৯ বলে ৩১ করে রাচিন রবীন্দ্রর বলে তাঁর হাতেই ক্যাচ দেন।
উইয়ান মুল্ডার ১৩ বলে ৮ রান করে মাইকেল ব্রেসওয়েলের শিকার হন। মার্কো জানসেন (৭ বলে ৩) ও কেশব মহারাজ (৪ বলে ১) গ্লেন ফিলিপসের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ৪৬তম ওভারের তৃতীয় বলে কাগিসো রাবাডা (২২ বলে ১৬) ম্যাট হেনরির দ্বিতীয় শিকার হন।
ডেভিড মিলার ৪৬ বলে অর্ধশতরান পূর্ণ করার পর অপরাজিত থাকলেন ৬৭ বলে ১০০ রান করে। শেষ ওভারে নিলেন ১৮। দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে করল ৯ উইকেটে ৩১২। দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষ বলে ২ রান নিয়ে সপ্তম ওডিআই শতরানে পৌঁছন মিলার। মেরেছেন ১০টি চার ও চারটি ছয়।
নিউজিল্যান্ড জিতল ৫০ রানে। মিচেল স্যান্টনার ১০ ওভারে ৪৩ রান দিয়ে তিন উইকেট নেন। ম্যাট হেনরি ৭ ওভারে ৪৩ ও গ্লেন ফিলিপস ৩ ওভারে ২৭ রান দিয়ে নেন ২টি করে উইকেট। মাইকেল ব্রেসওয়েল ডট বলের নিরিখে চলতি টুর্নামেন্টে অক্ষর প্যাটেলকে পিছনে ফেললেন।
ব্রেসওয়েল ১০ ওভারে ৫৩ ও রাচিন রবীন্দ্র ৫ ওভারে ২০ রান খরচ করে ১টি করে উইকেট নেন। কাইল জেমিসন ১টি মেডেন-সহ ৭ ওভারে ৫৭ ও উইলিয়াম ও'রোর্ক ৮ ওভারে ৬৯ রান দিয়ে কোনও উইকেট পাননি।
এদিন, লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দলগত সর্বাধিক রানের রেকর্ড দখলে নেয় নিউজিল্যান্ড। ৬ উইকেটে ৩৬২ রান তুলে। রাচিন রবীন্দ্র ১০১ বলে ১০৮ ও কেন উইলিয়ামসন ৯৪ বলে ১০২ করেন। ড্যারিল মিচেল করেন ৩৭ বলে ৪৯। ২৭ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন ফিলিপস।












Click it and Unblock the Notifications