বিধ্বংসী বুমরাহর ৫ উইকেট, ইডেন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে প্রথম দিনেই চেপে ধরল ভারত
টেস্ট নিয়ে দর্শকদের বিমুখ হয়ে থাকা যেমন আইসিসি, বিসিসিআই-সহ ক্রিকেট মহলের উদ্বেগ বাড়িয়েছে, সেখানে ইডেনে প্রথম টেস্টের প্রথম দিন সাক্ষী থাকল ৩৫ হাজার দর্শকের শব্দব্রহ্মের।
যা নিঃসন্দেহে টেস্ট ক্রিকেটের বড় বিজ্ঞাপন। ২০১৯ সালের পর ফের টেস্ট হচ্ছে ক্রিকেটের নন্দনকাননে। সেখানেই জসপ্রীত বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে চা বিরতির পরেই অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক হিসেবে শুভমান গিল আরও একটি টেস্টে টস হারলেন। ভারত খেলছে চার স্পিনার নিয়ে। সেই সঙ্গে ভারতীয় দলে বাঁহাতি ব্যাটারের সংখ্যাও ৬, যা নজিরবিহীন।
একাদশ ওভারের তৃতীয় বলে ভাঙে প্রোটিয়াদের ওপেনিং জুটি। সেখান থেকে ৫৫ ওভারে তেম্বা বাভুমার দল শেষ হয়ে গেল মাত্র ১৫৯ রানেই। টেস্টে প্রথম ইনিংসে এটি দক্ষিণ আফ্রিকার ভারতের বিরুদ্ধে দ্বিতীয় সর্বনিম্ন রান। প্রোটিয়া ব্যাটারদের সমস্যায় ফেলল উইকেটের অসমান বাউন্স। কোনও বল লাফিয়ে উঠল, আবার হঠাৎ নীচুতে বল আসায় আত্মসমর্পণে বাধ্য হলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা।
ওপেনার এইডেন মার্করাম পাঁচটি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪৮ বলে সর্বাধিক ৩১ রান করলেন। রায়ান রিকেলটন ২৩, উইয়ান মুল্ডার ২৪, বাভুমা ৩, টনি ডি জোর্জি ২৪, কাইল ভেরেইন ১৬, মার্কো জানসেন ০, করবিন বশ ৩, সাইমন হারমার ৫ ও কেশব মহারাজ ০ রানে আউট হলেন। ৭৪ বল খেলে ১৫ রানে অপরাজিত থাকলেন ট্রিস্টান স্টাবস।
জসপ্রীত বুমরাহ ৯৬টি টেস্ট ইনিংসে এই নিয়ে ১৬ বার ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন। তিনি পাঁচটি মেডেন-সহ ১৪ ওভারে ২৭ রান দিয়ে নিলেন ৫ উইকেট। মহম্মদ সিরাজ ১২ ওভারে ৪৭ ও কুলদীপ যাদব ১টি মেডেন-সহ ১৪ ওভারে ৩৬ রান দিয়ে ২টি করে উইকেট নিলেন। ২টি মেডেন-সহ ৬ ওভারে ২১ রানের বিনিময়ে ১ উইকেট নেন অক্ষর প্যাটেল। রবীন্দ্র জাদেজা ২টি মেডেন-সহ ৮ ওভারে ১৩ ও ওয়াশিংটন সুন্দর ১ ওভারে ৩ রান দেন, উইকেট পাননি।












Click it and Unblock the Notifications