ইন্দোরে ভারতকে হারিয়ে ২৫ বছর পর কোন নজির গড়ল অস্ট্রেলিয়া? একনজরে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান
ইন্দোর টেস্ট জিতে ভারতের বিরুদ্ধে সিরিজ জিইয়ে রাখল অস্ট্রেলিয়া। ২৫ বছর পর ভারতের মাটিতে অনবদ্য নজির গড়ে।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির অনেক আগেই ৯ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে বিশ্বের ১ নম্বর দলকে নেতৃত্ব দিলেন স্টিভ স্মিথ। টস হারার পরও দুরন্ত জয় ছিনিয়ে সিরিজ আপাতত জিইয়ে রাখল অজিরা। একনজরে দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান।

কম বলের খেলার খতিয়ান
ভারতে হওয়া টেস্টে সবচেয়ে কম বলে ফয়সালার নিরিখে ইন্দোর টেস্ট রইল চতুর্থ স্থানে। এই টেস্টে অজিদের জয় আসা পর্যন্ত খেলা হয়েছে ১১৩৫টি বল। ২০২১ সালে আমেদাবাদ দিন-রাতের টেস্টে ভারত হারিয়েছিল ইংল্যান্ডকে, সেই টেস্টে লাগে ৮৪২টি ডেলিভারি। ২০১৯ সালে প্রথমবার এ দেশে হয় গোলাপি বলে দিন-রাতের টেস্ট, কলকাতায় ভারত সেই টেস্টে হারায় বাংলাদেশকে। ইডেনে ম্যাচটির ফয়সালা হতে লাগে ৯৬৮টি বল। ২০১৮ সালে দেশের মাটিতে আফগানিস্তানের প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। সেই টেস্টটিতে ফয়সালার জন্য লেগেছিল ১০২৮ বল।

২৫ বছর পর অস্ট্রেলিয়ার নজির
টস জিতে টেস্ট ভারত শেষবার হেরেছিল ২০১২ সালে। ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপর থেকে ইন্দোর টেস্টের আগে পর্যন্ত দেশের মাটিতে ভারত ২২টি টেস্টে টস জিতেছে, জয় এসেছে ১৯টিতে, ড্র হয়েছে তিনটি টেস্ট। ১৯৯৮ সালে ভারতে শেষবার টস হেরেও টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া। বেঙ্গালুরু টেস্টে। ২৫ বছর পর ইন্দোরে টস হেরেও টেস্ট জয় অজিদের।

স্পিন-দাপটে ব্যাকফুটে
ইন্দোর টেস্টে ব্যাটাররা ব্যাকফুটে খেলতে গিয়ে স্পিনারদের উইকেট দিয়েছেন ৯টি ক্ষেত্রে। চলতি সিরিজের প্রথম দুটি টেস্টেই এভাবে স্পিনাররা উইকেট পেয়েছিলেন চারবার করে। চলতি সিরিজে আরেকটি অভিনব ঘটনাও ঘটেছে। এই নিয়ে তিনটি টেস্টের সব কটিতেই টস হেরে যাওয়া দল টেস্ট জিতল। ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে এমন ঘটনা ঘটল এই নিয়ে চারবার।

রিভিউ নিয়ে চর্চা
কঠিন পিচে আম্পায়ারদের কাজটাও সহজ ছিল না। ইন্দোর টেস্টে ভারত ও অস্ট্রেলিয়ার তিনটি করে রিভিউ সফল হয়েছে। এই টেস্টের প্রথম ওভারে রোহিত শর্মার বিরুদ্ধে দুটি জোরালো আবেদন উঠলেও রিভিউ নেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তবে নিলে রোহিত দুটি ক্ষেত্রেই আউট হতেন। ১১টি রিভউয়ের ক্ষেত্রে আম্পায়ার জোয়েল উইলসনকে সিদ্ধান্ত বদলাতে হয়েছে চারবার, নীতীন মেননকে বদলাতে হয় ২টি সিদ্ধান্ত। তবে দুই দল তিনটি রিভিউ নিলে নীতীনকে তিনটি ক্ষেত্রেই সিদ্ধান্ত বদলাতে হতো। ভারতীয় দল অকারণে রিভিউ নিয়ে যেভাবে সুযোগ নষ্ট করেছে সেটাও এই টেস্টের ফলাফলে ভূমিকা নিয়েছে। চলতি সিরিজে মোট ডট বলের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮৭০।












Click it and Unblock the Notifications