সৌরভের টেস্ট অভিষেকের লর্ডসেই ঝুলনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর! বিসিসিআই ও সিএবি দিচ্ছে চমক
ঝুলন গোস্বামী আনুষ্ঠানিক ঘোষণা করেননি আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসর প্রসঙ্গে। যদিও ভারতীয় দল থেকে বিসিসিআই, সিএবি থেকে ক্রিকেট মহল সকলেই অবগত লর্ডসেই শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলবেন চাকদহ এক্সপ্রেস। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে জানিয়ে দিয়েছেন, ঝুলনের বিদায়ী ম্যাচ নিয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে বোর্ডের। আজ বিকেলে ঝুলন সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে অবসরের কথা জনসমক্ষে আনতে পারেন।
সৌরভ, ঝুলন ও লর্ডস
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ঝুলনের স্বপ্ন ছিল লর্ডসেই শেষ ম্যাচ খেলা। আমিও চেয়েছি তাঁর মতো ফ্যান্টাস্টিক ক্রিকেটার যাতে সেরা সম্মান পান নিজের শেষ ম্যাচে। আমি নিজে কিছু বলছি না। সকলেই দেখতে পারবেন ঝুলনের বিদায়ী ম্যাচে বিসিসিআইয়ের পরিকল্পনা কী রয়েছে। ঝুলন অনেক দিন খেলেছেন। তিনি যখন ছেড়ে যাচ্ছেন মহিলাদের ক্রিকেটে তিনি সর্বাধিক উইকেটশিকারী। নিশ্চিতভাবেই ঝুলন এক অসাধারণ চ্যাম্পিয়ন ক্রিকেটার।

সানা যদি ঝুলন হতে পারতেন...
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক কেরিয়ার শুরু চাকদহের ঝুলনের। ২০০২ সালের জানুয়ারিতে চেন্নাইয়ে একদিনের সিরিজে। তার পরের সপ্তাহেই লখনউয়ে টেস্ট অভিষেক। ঝুলনের টি ২০ আন্তর্জাতিকে অভিষেকও ইংল্যান্ডের বিরুদ্ধেই, ডার্বিতে ২০০৬ সালে। ঝুলনের বিদায়ী সিরিজ হরমনপ্রীত কৌরের দল ইতিমধ্যেই জিতে নিয়েছে। কাল ভারত নামবে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লক্ষ্যে। ঝুলনের শেষ ম্যাচ জয় দিয়েই স্মরণীয় করে রাখতে চায় ভারত। ঝুলন ২০৩টি একদিনের আন্তর্জাতিকে ২৫৩টি উইকেট নিয়েছেন, যা বিশ্বরেকর্ড। টেস্টে তাঁর ১২ ম্যাচে ৪৪টি এবং টি ২০ আন্তর্জাতিকে ৬৮ ম্যাচে ৫৬টি উইকেট রয়েছে। সৌরভ বলেন, আমি চেয়েছিলাম আমার কন্যা সানাও ক্রিকেট খেলুক। ঝুলনের মতো কেরিয়ার গড়তে পারলে অবিশ্বাস্য ব্যাপার হতো। ঝুলন মহিলা ক্রিকেটে একজন সিম বোলার হিসেবে যেভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তাতে সকলেই তাঁর মতো হওয়ার চেষ্টা করে থাকেন। ঝুলন এক অনবদ্য রোল মডেল।
|
শেষ সিরিজেও ভালো ফর্মে
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজে ঝুলন ভালো বোলিংও করছেন। হোভে প্রথম ম্যাচে ১০ ওভারের মধ্যে ২টি মেডেন, ২০ রানের বিনিময়ে নেন ১টি উইকেট। ইংল্যান্ডের ব্যাটাররা ঝুলনের বলে কোনও বাউন্ডারি মারতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ঝুলন ৭ ওভার বল করেন ৩১ রান দেন। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, আমি আরও খুশি কারণ ঝুলন নিজে ভালো পারফরম্যান্স করেছেন। ভারত সিরিজ জিতেছে। বিসিসিআই মহিলাদের ক্রিকেটকে গুরুত্ব দিয়ে থাকে। যেভাবে ভারতীয় দল উন্নতি করছে তাতে খুশি। আমি বিসিসিআই সভাপতি হওয়ার পর ঝুলন, স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌরদের সঙ্গে মহিলা ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে। ভারত কমনওয়েলথ গেমসের ফাইনালে উঠেছিল দারুণ খেলে। জেতা ম্যাচ কীভাবে হেরে গেল ফাইনালে আজও বুঝতে পারি না। মহিলা ক্রিকেটে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড শক্তিশালী। ভারত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। তাতে আমরা সকলেই খুশি।
|
সিএবির উদ্যোগ
সৌরভের কথায়, খেলায় অবসরের সময় আসে। ঝুলনের ৪০ বছর বয়স। রজার ফেডেরারও লেভার কাপের পর অবসর নিচ্ছেন। এটাই খেলার জগৎ। আজ বিকেলে ভারতীয় সময় বিকেল তিনটেয় সাংবাদিক বৈঠক করবেন ঝুলন গোস্বামী। তখন তিনি আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করতে পারেন। সৌরভের কথায় ইঙ্গিত মিলেছে, ঝুলনকে অবসরের পর ভারতীয় মহিলা ক্রিকেটের উন্নতিতে সামিল করতে। লর্ডস যেমন বাঙালির হৃদয়ে গেঁথে থাকবে সৌরভের মহারাজকীয় টেস্ট অভিষেকের জন্য, সেখানেই এবার বিদায় নেবেন ভারতের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। সেই ম্যাচ কলকাতার এলগিন রোডের ফোরামে দেখানোর বিশেষ বন্দোবস্ত করেছে সিএবি। ক্রিকেটপ্রেমীদের স্বাগতও জানান হয়েছে সিএবির তরফে।












Click it and Unblock the Notifications