অতিমারীতে আইপিএলের প্রয়োজনীয়তা নিয়ে জনস্বার্থ মামলার জবাব বিসিসিআইয়ের
অতিমারীতে আইপিএলের প্রয়োজনীয়তা নিয়ে জনস্বার্থ মামলার জবাব বিসিসিআইয়ের
অতিমারীর ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশে আইপিএল আয়োজনের প্রয়োজনীয়তা সংক্রান্ত দিল্লি হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার জবাব দিল বিসিসিআই। আদালতে টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ার খবর জানিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বোর্ড। একই প্রেক্ষাপটে মুম্বই হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার উত্তর কবে দেবেন জয় শাহরা, সেদিকে তাকিয়ে রয়েছে দেশের ক্রীড়া মহল।

কী জানাল বিসিসিআই
করোনা ভাইরাসের ভয়ঙ্কর বাড়বাড়ন্তে দেশে আইপিএল আয়োজনের প্রয়োজনীয়তা সংক্রান্ত দিল্লি হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার জবাব দিয়েছে বিসিসিআই। আদালতকে জয় শাহদের তরফে জানানো হয়েছে, অতিমারী পরিস্থিতি ভয়ঙ্কর হতেই টুর্নামেন্ট স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশ এবং বিদেশি ক্রিকেটারদের নিজ নিজ পরিবারের কাছে নিরাপদে পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে বলে দিল্লি হাইকোর্টে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আইনজীবীর জনস্বার্থ মামলা
করোনা ভাইরাসের ভয়ঙ্কর আবহে যেখানে জনস্বাস্থ্যকে প্রাধান্য দেওয়ার কথা, সেখানে দেশে আইপিএল আয়োজন করে বিসিসিআই কী দিশা দেখাচ্ছে সংক্রান্ত জনস্বার্থ আবেদন দিল্লি হাইকোর্টে দাখিল করেছিলেন আইনজীবী করণ এস ঠুকরাল। করোনার আবহে আইপিএল আয়োজনকে 'অকারণ ও অযৌক্তিক' বলে আখ্যা দিয়েছিলেন ওই আইনজীবী। সেই আবেদনের প্রেক্ষিতে মামলা গ্রহণ করার পাশাপাশি এই ইস্যুতে বিসিসিআইয়ের জবাব চেয়েছিল দিল্লির উচ্চ আদালত।

মুম্বই হাইকোর্টে মামলা
এ সংক্রান্ত আরও একটি জনস্বার্থ মামলা মুম্বই হাইকোর্টে দায়ের করা হয়েছে। করোনা পরিস্থিতিতে দেশে আইপিএল আয়োজন করার জন্য বিসিসিআইয়ের কাছে এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন আইনজীবী বন্ধন শাহ। তাঁর প্রশ্ন, আইপিএল কী এতটাই গুরুত্বপূর্ণ যে অতিমারী পরিস্থিতিতে আয়োজন করতেই হবে।

স্থগিত আইপিএল ২০২১
বাংলার ঋদ্ধিমান সাহা সহ চার ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হতেই যুদ্ধকালীন তৎপরতায় এবং জরুরিকালীন পরিস্থিতিতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠক ডাকে বিসিসিআই। সেখানে সর্বসম্মতিক্রমে লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আইপিএলে অংশ নেওয়া সব ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, স্টেক হোল্ডার, কর্মীদের কথা ভেবেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়।












Click it and Unblock the Notifications