নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে কাকে এগিয়ে রাখলেন সৌরভ? মুখ খুললেন বিরাটদের ব্যর্থতা নিয়েও
আইপিএলের দ্বিতীয়ার্ধ ও টি ২০ বিশ্বকাপ সফলভাবেই সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করতে সক্ষম হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। আজ দুবাইয়ে টি ২০ বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তার আগে গতকাল ছিল প্রথামাফিক ডিনার। আর তাতেই নস্ট্যালজিক প্রাক্তন ভারত অধিনায়ক। বিসিসিআই সভাপতি তিনটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ফাইনালের আগের রাতের ডিনারে হাজির থেকেছি, এবার আয়োজকের ভূমিকায়। ২০০৩ সালের বিশ্বকাপে টসের ছবিও পোস্ট করেছেন মহারাজ।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্ব মানেই উঠে আসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নানা স্মরণীয় সাফল্যের কথা। তবে অজিদের কাছে হেরেই দেশের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বকাপ হাতে নিতে পারেননি। কিন্তু ইডেনের বুকে মহারাজকীয় অধিনায়কত্বে তিনিই থামিয়ে দিয়েছিলেন স্টিভ ওয়াদের বিজয়রথ। ৬ বছর পর কোনও আইসিসি ইভেন্টের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। অন্যদিকে, নিউজিল্যান্ড টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে।

শারজা ইন্টারন্যাশনার বুক ফেয়ারের অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায় উঠে আসে টি ২০ বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গ। সৌরভ সামান্য হলেও এগিয়ে রাখছেন নিউজিল্যান্ডকেই। যুক্তি মেলে ধরে তিনি বলেন, বিশ্ব ক্রিকেটে এখন নিউজিল্যান্ডেরই সময় চলছে বলে আমার মনে হয়।

তিনি বলেন, অস্ট্রেলিয়া ক্রিকেটে দারুণ শক্তিধর দেশ হলেও বিগত কয়েক মাস ধরে তাদের কঠিন সময়ের মধ্যে দিয়েই যেতে হচ্ছে। আমি টিভিতে দেখে যেটা উপলব্ধি করেছি তা হল, নিউজিল্যান্ড অনেক বেশি সাহস ও দৃঢ়চেতা মনোভাব নিয়ে মাঠে নামছে। কয়েক মাস আগেই কিউয়িরা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতেছে। ছোট দেশ হলেও সেখান থেকে ইস্পাতকঠিন মানসিকতার দারুণ ক্রিকেটাররা উঠে এসেছেন। আর সে কারণেই এখনকার সময়টা নিউজিল্যান্ডেরই বলে আমার ধারণা।

ভারতীয় দলের টি ২০ বিশ্বকাপে ব্যর্থতা প্রসঙ্গে সৌরভ বলেছেন, একটা ব্যর্থতা দিয়েই দলকে যাচাই করা ঠিক নয়। প্রত্যাশার পারদ নিশ্চিতভাবেই অনেকটা বেশি ছিল। কিন্তু এটা দেখেও ভালো লেগেছে যে, দেশের বেশিরভাগ মানুষই বিশ্বকাপের ফলাফলকে মেনে নিয়েছেন। তাঁরা মনে কষ্ট পেলেও বিরূপ প্রতিক্রিয়া দেখাননি। একটা-দুটো খারাপ ম্যাচের জন্য এমনটা হয়েছে। দিনের শেষে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, রোহিত শর্মা, বিরাট কোহলি সকলেই মানুষ। তাঁরা নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়াবেন। বছর খানেক পর এই ক্রিকেটাররাই দেশকে কাপ এনে দিতে পারেন।












Click it and Unblock the Notifications