করোনার জেরে প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হলেও বিসিসিআই সভাপতি সৌরভের চেষ্টা জারি
করোনার জেরে প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হলেও বিসিসিআই সভাপতি সৌরভের চেষ্টা জারি
গত বছরের অক্টোবরে বিসিসিআইয়ের সভাপতি পদে বসে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটারদের মানোন্নয়নের কথা বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই পথে অনেকটা এগিয়েও গিয়েছিলেন মহারাজ। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হলেও সব হিসেবে ওলোট-পালোট করে দিয়েছে করোনা ভাইরাস। লকডাউনের জেরে আর্থিক সংকটের সম্মুখীন হয়ে বিসিসিআই ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাবদ প্রাপ্য মেটাতে পারেনি বলে সূত্রের খবর।

ক্রিকেটারদের বেতন বকেয়া
প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে রঞ্জি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলার ক্রিকেটাররা বকেয়া পারিশ্রমিক পাননি বলে অভিযোগ। লকডাউনের মধ্যে সেই সব ক্রিকেটারদের চূড়ান্ত আর্থিক কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে বলেও অভিযোগ।

ক্রিকেটারদের পারিশ্রমিক
দেশের প্রথম শ্রেণির ক্রিকেটাররা রঞ্জি ট্রফির এক এক দিনে ৩৫ হাজার টাকা পান। গোটা মরশুম ধরলে ক্রিকেটারদের মোট ১৩ লক্ষ টাকা আয় হওয়ার কথা। অন্যদিকে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রতি ম্যাচে সাড়ে ১৭ হাজার টাকা দেওয়া হয় ক্রিকেটারদের। কিন্তু মহারাষ্ট্র, বাংলা এবং ত্রিপুরার ক্রিকেটারদের অ্যাকাউন্টে এখনও সেই টাকা পৌঁছয়নি বলে অভিযোগ করা হয়েছে। ম্যাচের পারিশ্রমিক ছাড়াও বিসিসিআইয়ের লভ্যাংশ থেকে আয় হওয়ার কথা ক্রিকেটারদের। গত তিন বছর ধরে সেই টাকাও অমিল বলে দাবি ক্রিকেটারদের।

আইপিএলের অনিশ্চয়তা
করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চলতি মরশুমে আদৌ টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাতেই সিঁদুরে মেঘ দেখছেন ঘরোয়া ক্রিকেটারদের একটা অংশ, যাঁদের আইপিএল খেলার কথা। কারণ টুর্নামেন্ট থেকে তাঁদের যে আয় হওয়ার কথা, তা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আর যে সব ক্রিকেটার আইপিএলে খেলার সুযোগ পান না, কেবল ঘরোয়া ক্রিকেটের ওপর নির্ভর করে দিন গুজরান হয়, তাঁদের সমস্যা আরও বেশি বলে মনে করা হচ্ছে।

বিসিসিআই-র বক্তব্য
এই ইস্যুতে আত্মপক্ষ সমর্থনে টেকনিক্যাল সমস্যার কথা তুলে ধরেছে বিসিসিআই। বোর্ডের এক কর্তার কথায়, কোনও রাজ্য ক্রিকেট সংস্থার তরফে ইনভয়েস পাঠাতে দেরি হলে এই সমস্যা হতে পারে। করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের মধ্যে কোনও সংস্থার ইনভয়েস পৌঁছলে লকডাউনের জেরে অর্থ দিতে তাঁদের দেরি হচ্ছে বলেও ওই বিসিসিআই কর্তার দাবি। তবে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতো দেশের ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications