করোনার ঢেউয়ে স্তব্ধ ক্রিকেট! রঞ্জি ট্রফি-সহ তিন টুর্নামেন্ট স্থগিত রাখল বিসিসিআই
দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়ে চলায় রঞ্জি ট্রফি, কর্নেল সি কে নাইডু ট্রফি ও মহিলাদের টি ২০ লিগ স্থগিত রাখল বিসিসিআই। ১৩ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফি শুরু হওয়ার কথা ছিল। গতকালই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছিলেন, জৈব সুরক্ষা বলয়ে নির্ধারিত সূচি মেনেই রঞ্জি হবে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে পিছু হঠল বোর্ড।

রঞ্জি দলে করোনার থাবা
রঞ্জি ট্রফিতে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে বাংলা দলে। ৬ ক্রিকেটার, সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী করোনা আক্রান্ত হয়েছেন। তবে সৌরভ রঞ্জি ট্রফি হবে বলে জানানোর পরই গতকাল রাতে করোনা আক্রান্ত ক্রিকেটারদের রেখেই রঞ্জিতে ত্রিপুরা ম্যাচের জন্য ২১ সদস্যের বাংলা দল ঘোষণা করা হয়েছিল। কলকাতায় এসে গিয়েছে মুম্বই দলও। মুম্বইয়ের প্রথম ম্যাচ খেলার কথা মহারাষ্ট্রের বিরুদ্ধে। তবে শিবম দুবে ও ভিডিও অ্যানালিস্ট করোনা আক্রান্ত হওয়ায় তাঁরা মুম্বই দলের সঙ্গে কলকাতায় আসতে পারেননি। রঞ্জি অভিযান শুরুর আগে বৃহস্পতি ও শুক্রবার বাংলা দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা ছিল মুম্বইয়ের। তারপর বাংলা দলের বেঙ্গালুরু রওনা হওয়ার কথা ছিল। বাংলার ম্যাচগুলি পড়েছে বেঙ্গালুরু ও আলুরে।

বাংলায় বাড়ছে করোনা
বাংলার অনূর্ধ্ব ২৩ দলের কোচ লক্ষ্মীরতন শুক্লাও করোনা পজিটিভ। তবে বাংলা দলের বাকি যাঁরা আক্রান্ত তাঁদের বেশিরভাগই উপসর্গহীন। যদিও সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার জ্বর-সহ ভালোই উপসর্গ থাকায় তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা আক্রান্ত হয়েছেন সিএবির কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়, যিনি আবার সৌরভের কাকা। সৌরভদের বেহালার বাড়িতে তাঁর ভাই শুভ্রদীপ সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে করোনার থাবা ক্রমেই চওড়া হচ্ছে। দেশের মেট্রো শহরগুলি-সহ বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে।

৩ টুর্নামেন্ট স্থগিত
এই পরিস্থিতিতে আজ রাতে বিসিসিআই জানিয়ে দিল, দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়ে চলায় আপাতত রঞ্জি ট্রফি, কর্নেল সি কে নাইডু ট্রফি ও মহিলাদের সিনিয়র টি ২০ লিগ স্থগিত থাকছে। রঞ্জি ট্রফি শুরুর কথা ছিল ১৩ জানুয়ারি। কর্নেল সি কে নাইডু ট্রফিও চলতি মাসেই শুরু হওয়ার কথা ছিল। মহিলাদের টি ২০ লিগ শুরুর কথা ছিল ফেব্রুয়ারিতে। বিসিসিআই ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল-সহ ম্যাচ আয়োজনে সকলের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়ে কোনও ঝুঁকি না নিয়ে এই সিদ্ধান্ত নিল। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া অবধি এই তিনটি টুর্নামেন্টই স্থগিত থাকছে। পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ জানানো হবে। চলতি মরশুমে ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেটে ১১টি টুর্নামেন্টে সাত শতাধিক ম্যাচ আয়োজনের লক্ষ্যমাত্রা নিয়েছে বিসিসিআই।

স্থগিত স্থানীয় ক্রিকেট
এই সিদ্ধান্তের আগে সিএবির সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, ১৫ জানুয়ারি সিএবির স্থানীয় ক্রিকেটের প্রথম ও দ্বিতীয় ডিভিশন, বয়সভিত্তিক সব ধরনের টুর্নামেন্ট, জেলার সব টুর্নামেন্ট এবং মহিলাদের ক্রিকেটের সব ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। এদিনের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক হয়েছে ভার্চুয়ালি। ১৫ থেকে ১৮ বছর বয়সি ক্রিকেটারদেরও দ্রুত ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications