BCCI fixtures for International Home Season: বিশ্বকাপের ক্ষতে প্রলেপ, মোহালি-রাজকোট পেল গুরুত্বপূর্ণ ম্যাচ
ঘরের মাঠের সিরিজের ভেন্যু ঘোষণা করল বিসিসিআই। বিশ্বকাপের ক্ষতে প্রলেপ। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সিরিজের জন্য ভেন্যু ঘোষণা করা হল বিসিসিআইয়ের পক্ষ থেকে। যে সমস্ত গুরুত্বপূর্ণ স্টেডিয়াম বিশ্বকাপের ম্যাচ পায়নি, সেখানে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সিরিজের ম্যাচ দেওয়া হয়েছে।
মূলত রাজকোট, রাঁচি, হায়দরাবাদ, নাগপুর, মোহালির মতো স্টেডিয়াম গুলিকেই এই দুই সিরিজের ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে। বিশ্বকাপের ম্যাচ না পাওয়ায় বেশ কয়েকটি রাজ্য ক্রিকেট সংস্থার ক্ষোভ ছিল। সেই ক্ষতেই প্রলেপ দেওয়া হল।

বিশ্বকাপের আগে অজিদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এই তিনটি খেলা দেওয়া হয়েছে মোহালি, রাজকোট এবং ইন্দোরে। এটি মূলত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের পরই অজিদের বিরুদ্ধে পাঁচ ্ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই পাঁচটি ম্যাচ দেওয়া হয়েছে বিশাখাপত্তনম, তিরুবনন্তপুরম, গুয়াহাটি, নাগপুর ও হায়দরাবাদে। আগামী ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এই সিরিজের ম্যাচ গুলি হবে।
নতুন বছরের শুরুতেই ভারতে টি টোয়েন্টি সিরিজ খেলতে আসছে আফগানিস্তান । ১১, ১৪, ১৭ জানুয়ারি হবে এই তিনটি ম্যাচ। তিনটি টি টোয়েন্টি ম্যাচ দেওয়া হয়েছে মোহালি, ইন্দোর, বেঙ্গালুরুতে। আগামী বছর রয়েছে ভারত বনাম ইংল্যান্ডের মেগা টেস্ট সিরিজ। পাঁচটি টেস্ট খেলা হবে এই সিরিজে। ২৫ জানুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত চলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই ম্যাচগুলি হবে হায়দরাবাদ, বিশাখাপত্তনম, রাজকোট, রাঁচি, ধরমশালাতে।
বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। মোহালি, তিরুবনন্তপুরমে ম্যাচ না দেওয়ায় লেগেছে রাজনীতির রং। বিশ্বকাপের ম্যাচ না পাওয়া নিয়ে পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী গুরমিত সিং মিত হেয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডকে কড়া চিঠি দেন , সেখানে বিশ্বকাপের ভেন্যু বিন্যাসে সচ্ছতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে।

মোহালি, তিরুবনন্তপুরম যেমন বিশ্বকাপের মূলপর্বের ম্যাচ পায়নি। তেমনই রাজকোট, রাঁচির, রায়পুরের মতো বেশ কয়েকটি শহর বিশ্বকাপ আয়োজন থেকে বঞ্চিত হয়েছে। এই পরিস্থিতিতে 'ব্রাত্য' ভেন্যুগুলিতে বেশি করে দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ দিয়ে সমতা বজায় রাখার পরিকল্পনা আগেই নিয়েছিল বিসিসিআই। সেই মতোই দুটি সিরিজের ম্যাচ দিয়ে ক্ষতে প্রলেপ দিল বিসিসিআই।
স্বাভাবিকভাবেই ইডেন, মোতেরা সহ যে সমস্ত স্টেডিয়াম বিশ্বকাপের ম্যাচ পেয়েছে তাদের এই দুটি সিরিজে ম্যাচ দেওয়া হয়নি, একমাত্র ব্যতিক্রম ধরমশালা। ভারত ইংল্যান্ড সিরিজের একটি টেস্ট ম্যাচ দেওয়া হয়েছে এই মাঠে। বাকি বিশ্বকাপ আয়োজনকারী কোনও মাঠই এই দুই সিরিজের ম্যাচ পায়নি।












Click it and Unblock the Notifications