BCCI Awards: বর্ষসেরা শুভমান গিল, জীবনকৃতি রবি শাস্ত্রী! বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী দেখবেন কীভাবে?
BCCI Awards: করোনাকালে বন্ধ হয়ে গিয়েছিল। তবে এবার থেকে ফের ফিরছে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কাল হায়দরাবাদে হবে এই অনুষ্ঠান।
সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বর্ষসেরার স্বীকৃতি পাবেন শুভমান গিল। জীবনকৃতি সম্মানে ভূষিত হবেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী।

২০১৯ সালের পর আর হয়নি বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তবে এখন সমস্ত কিছুর সঙ্গে ক্রিকেট ফিরেছে স্বাভাবিক ছন্দে। সে কারণেই গত বছরের সাফল্যের স্বীকৃতি দিতে এই অনুষ্ঠান ফেরাচ্ছে বিসিসিআই। ২৫ জানুয়ারি থেকে প্রথম টেস্ট খেলতে এই মুহূর্তে হায়দরাবাদে রয়েছে ভারত ও ইংল্যান্ড দল।
দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা কালকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। তবে বিরাট কোহলি মুম্বই ফেরায় থাকতে পারবেন না। কোহলি ব্যক্তিগত কারণে প্রথম দুটি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলা শুভমান গিল রয়েছেন টেস্ট দলে।
শুভমান গিল বিশেষ করে একদিনের আন্তর্জাতিকে বিধ্বংসী ফর্মে ছিলেন গত বছর। এই ফরম্যাটে ৫টি শতরান করেন, বিশ্বের দ্রুততম হিসেবে ওডিআই ফরম্যাটে তিনি ২ হাজার রান পূর্ণ করেন। অন্যদিকে, ৬১ বছরের রবি শাস্ত্রী দেশের হয়ে ৮০টি টেস্ট খেলেছেন, দেড়শোটি ওডিআই খেলেছেন। অধিনায়কত্বও করেছেন।
অবসরের পর রবি শাস্ত্রী ধারাভাষ্য ও ক্রিকেট বিশ্লেষক হিসেবেও খ্যাতি লাভ করেন। ভারতীয় দলের কোচিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই দফায়। ২০১৪ থেকে ২০১৬ অবধি ছিলেন টিম ডিরেক্টর। এরপর ফেরেন ভারতীয় দলের হেড কোচ হয়ে। যে দায়িত্ব তিনি সামলেছেন ২০২১ সালের টি২০ বিশ্বকাপ অবধি।
রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারতের উল্লেখযোগ্য সাফল্য হলো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতা। তবে এই সময়কালে ভারত একবারও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। শাস্ত্রীর কোচিংয়ে ভারত প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে। কিন্তু হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। ২০১৯ সালে বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল।
বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাল সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। সরাসরি সম্প্রচার দেখা যাবে জিও সিনেমা অ্যাপে। আজ ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিস সেশন ছিল। কাল অনুশীলনে নামবে ইংল্যান্ড দলও।
এদিকে, বিসিসিআই কর্তারা চাইছেন ২২ মার্চ আইপিএল শুরু করে ২৬ মে-র মধ্যে তা সেরে ফেলতে। লোকসভা নির্বাচনের মধ্যেই আইপিএলের দিনক্ষণ পড়ে যাবে। ফলে লোকসভা নির্বাচনের সূচি ঘোষিত হলে আইপিএলের সূচি চূড়ান্ত হতে পারে। কিন্তু দেশের মাটিতেই পুরো টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী বোর্ডকর্তারা।












Click it and Unblock the Notifications