বিসিসিআইয়ের সভাপতি পদ নিয়ে তুঙ্গে জল্পনা, আইপিএলের চেয়ারম্যান হবেন কে?
বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা হবে লোধা আইন মেনেই। দু-তিন দিনের মধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে তার আগে জোর চর্চা বিসিসিআইয়ের সভাপতি পদ নিয়ে। আইপিএল চেয়ারম্যান কে হবেন, তা নিয়েও চলছে নানা হিসেবনিকেশ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এজিএমের আগে বোর্ডের শীর্ষকর্তারা নিজেদের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক সারবেন। তাতেই স্পষ্ট হয়ে যাবে বোর্ডের কোন পদে কারা থাকবেন। সচিব, যুগ্ম সচিব ও কোষাধ্যক্ষ পদে কোনও রদবদল হবে না বলেই খবর।
এজিএমে চূড়ান্ত হবে সভাপতি ও সহ সভাপতির নাম। রজার বিনি বয়সের কারণে সভাপতির পদ ছাড়ার পর সহ সভাপতি রাজীব শুক্লা সম্প্রতি বোর্ডের সভাপতি হয়েছেন। এখন দেখার তিনিই সভাপতি পদে থাকেন, নাকি অন্য কেউ তাঁর স্থলাভিষিক্ত হন।
রাজীব শুক্লাকে নিয়ে বিভিন্ন রকমের জল্পনা রয়েছে। তিনি সভাপতি পদে থেকে গেলে সহ সভাপতি পদে নতুন কাউকে দেখা যাবে। আবার রাজীব শুক্লাকে আইপিএল চেয়ারম্যান করা হতে পারে, যে দায়িত্ব তিনি আগে সামলেছেন। এমনকী সহ সভাপতি হিসেবেও ফের দেখা যেতে পারে তাঁকে।
অনেকেই চাইছেন, প্রাক্তন কোনও ক্রিকেটারকে বোর্ড সভাপতি পদে বসানোর জন্য। খান তিনেক নাম নিয়ে চর্চা চলছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর বিসিসিআই সভাপতি হয়েছিলেন জয় শাহ। তাঁর জায়গায় পরে আসেন রজার বিনি। ফের দেশের কোনও হেভিওয়েট প্রাক্তনকেই বোর্ড সভাপতি পদে বসানোর ভাবনাচিন্তা চলছে। বোর্ডসূত্রে খবর, এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে জয় শাহর মতামত। বোর্ডের লিডারশিপ মিটিংয়ের পরেই যাবতীয় বিষয় চূড়ান্ত হবে।
আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমলকে কুলিং অফে যেতে হবে। তাঁর মেয়াদ শেষ হচ্ছে। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী আইপিএল চেয়ারম্যান হতে পারেন বলে জল্পনা রয়েছে। এমনকী একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়াও হতে পারেন আইপিএলের নয়া চেয়ারম্যান।












Click it and Unblock the Notifications