India vs Australia: রোহিতরা অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশে ব্যর্থ, ভারতকে ভাঙলেন 'জামাই' ম্যাক্সওয়েল
India vs Australia: লোকেশ রাহুলের নেতৃত্বে ইন্দোর ও মোহালিতে দুটি একদিনের আন্তর্জাতিক জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছিল ভারত। হোয়াইটওয়াশ নিশ্চিত করতে আজ রাজকোটেও ভারতের দরকার ছিল জয়।
যদিও রোহিত শর্মা ক্যাপ্টেন্সির ব্যাটন নিতে অজিদের কাছে পরাজয়ের সম্মুখীন হলো ভারত। রোহিত ও বিরাট কোহলি অর্ধশতরান করলেও তা জয় নিশ্চিত করার পক্ষে যথেষ্ট ছিল না। কামব্যাক ম্যাচে ভারতের প্রথম চার ব্যাটারের উইকেট ঝুলিতে পুরলেন গ্লেন ম্যাক্সওয়েল।

ভারত আজ পূর্ণশক্তির দল নামায়নি। যদিও টানা ষষ্ঠ ওডিআই পরাজয় এড়াতে আজ শক্তি বাড়িয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। রোহিত শর্মা ও ওয়াশিংটন সুন্দর আজ ওপেন করতে নামেন। রোহিতের দাপটে ওপেনিং জুটিতে ওঠে ৬৫ বলে ৭৪। রোহিত ও বিরাট দ্বিতীয় উইকেট জুটিতে তোলেন ৬১ বলে ৭০।
লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার গড়েন ৫৪ বলে ৫২ রানের পার্টনারশিপ। বাকি আর বলার মতো পার্টনারশিপ হয়নি। প্রথম চার ব্যাটার রান পেলেও তার পর থেকেই হতাশ করল ভারতীয় ব্যাটিং লাইন আপ। রোহিত শর্মা করেন ৫৭ বলে সর্বাধিক ৮১ রান। বিরাট কোহলি ৬১ বলে ৫৬। শ্রেয়স আইয়ার ৪৩ বলে ৪৮, লোকেশ রাহুল ৩০ বলে ২৬।
ওয়াশিংটন সুন্দর ১৮, সূর্যকুমার যাদব ৮, কুলদীপ যাদব ২ ও জসপ্রীত বুমরাহ ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। রোহিতের দলের প্রথম চার ব্যাটারকেই আউট করেন ভারতের জামাই গ্লেন ম্য়াক্সওয়েল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ বিরাট কোহলির উইকেটও তিনিই নেন। ১০ ওভারে ৪০ রান দিয়ে তাঁর ঝুলিতে চার উইকেট।

চোট সারিয়ে ফেরার পর এই প্রথম আন্তর্জাতিক খেললেন ম্যাক্সওয়েল। অনেকেই মনে করছেন বিশ্বকাপে কার্যকরী ভূমিকা নেবেন। আইপিএলের পাশাপাশি অনেকবার ভারত সফরের অভিজ্ঞতাও রয়েছে। সেই ধারণা আরও জোরালো করলেন অজি অলরাউন্ডার। ভারত ৪৯.৪ ওভারে ২৮৬ রানে অল আফট হয়ে যায়। রবীন্দ্র জাদেজা ৩৬ বলে ৩৫ ও মহম্মদ সিরাজ ১ রান করেন।
জশ হ্যাজলউড ৮ ওভারে ৪২ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। মিচেল স্টার্ক ৭ ওভারে ৫৩, প্যাট কামিন্স ৮ ওভারে ৫৯, ক্যামেরন গ্রিন ৬.৪ ওভারে ৩০ ও তনভীর সঙ্ঘা ১০ ওভারে ৬১ রানের বিনিময়ে একটি করে উইকেট দখল করেছেন। অস্ট্রেলিয়া রাজকোটে জিতল ৬৬ রানে। ভারত সিরিজ জিতল ২-১ ব্যবধানে।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৫২ রান তুলেছিল অস্ট্রেলিয়া। যা এই স্টেডিয়ামে সর্বাধিক। ডেভিড ওয়ার্নার ৫৬, মিচেল মার্শ ৯৬, স্টিভ স্মিথ ৭৪, মার্নাস লাবুশেন ৭২ রান করেন। জসপ্রীত বুমরাহ তিনটি, কুলদীপ যাদব ২টি এবং মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ ১টি করে উইকেট নেন।












Click it and Unblock the Notifications