AUS vs IND: টেস্টে অপটাসে অপরাজেয় অস্ট্রেলিয়া, পারথে ভারতের ট্র্যাক রেকর্ড আশাব্যাঞ্জক নয়
AUS vs IND: পারথের অপটাস স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ২২ নভেম্বর থেকে প্রথম টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। তার আগে এখানেই পাকিস্তানের কাছে ওডিআই সিরিজে হারল অজিরা।
যদিও অপটাসে টেস্টে অস্ট্রেলিয়ার রেকর্ড চমকপ্রদ। আজ অবধি একটি টেস্টেও সেখানে অস্ট্রেলিয়া হারেনি।

১৯৭০ থেকে ২০১৭ অবধি পারথের ওয়াকা মাঠে টেস্ট-সহ আন্তর্জাতিক ম্যাচগুলি হতো। ওয়াকা বিখ্যাত ছিল গতিময় পিচের জন্য। ২০০৮ সালে পারথের ওয়াকায় অনিল কুম্বলের নেতৃত্বাধীন ভারত ৭২ রানে হারিয়েছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াকে।
সিরিজের তৃতীয় টেস্ট হয়েছিল ওয়াকায়। ভারত করে ৩১০, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২১২ রানে। দ্বিতীয় ইনিংসে ভারত ২৯৪ তোলে। ৪১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৩৪০ রানে শেষ হয়ে যায়।
রাহুল দ্রাবিড় প্রথম ইনিংসে সর্বাধিক ৯৩ করেন, সচিন তেন্ডুলকর করেছিলেন ৭১। দ্বিতীয় ইনিংসে ভিভিএস লক্ষ্মণ ৭৯ রান করেন। ইরফান পাঠান ২৮ ও ৪৬ রান করার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। দুই ইনিংসে আরপি সিং পান ৬ উইকেট।
২০১৮ সাল থেকে পারথ টেস্ট হচ্ছে অপটাস স্টেডিয়ামে, যেটি পারথ স্টেডিয়াম নামেও পরিচিত। স্পনসরশিপের কারণেই এই স্টেডিয়ামকে অপটাস স্টেডিয়াম বলা হয়। এখানে প্রথমবার টেস্ট হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ দিয়েই।
২০১৮ সালের ডিসেম্বরে সিরিজের দ্বিতীয় টেস্ট হয়েছিল পারথে। সেই টেস্টে অস্ট্রেলিয়া জেতে ১৪৬ রানে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৩২৬ তোলে। মার্কাস হ্যারিস ৭০, অ্যারন ফিঞ্চ ৫০ ও ট্রাভিস হেড ৫৮ করেন। অধিনায়ক টিম পেইন করেছিলেন ৩৮, শন মার্শ ৪৫।
চার উইকেটনেন ইশান্ত শর্মা। জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব ও হনুমা বিহারী ২টি করে উইকেট নিয়েছিলেন। ভারত ২৮৩ রান করে। যার মধ্যে অধিনায়ক বিরাট কোহলিই করেন ১২৩। অজিঙ্ক রাহানে ৫১, ঋষভ পন্থ ৩৬, হনুমা বিহারী ২০। নাথান লিয়ঁ নেন ৫ উইকেট।
এরপর উসমান খোয়াজার ৭২ রানে ভর করে অজিরা দ্বিতীয় ইনিংসে তোলে ২৪৩। মহম্মদ শামি ৬ ও জসপ্রীত বুমরাহ তিন উইকেট নেন। ইশান্ত শর্মা পেয়েছিলেন ১ উইকেট। ভারতের টার্গেট ছিল ২৮৭। কিন্তু বিরাট কোহলির দল ৫৬ ওভারে ১৪০ রানেই গুটিয়ে যায়।
রাহানে ও পন্থ দুজনেই ৩০ রান করেন। মিচেল স্টার্ক ও নাথান লিয়ঁ ৩টি করে এবং জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স ২টি করে উইকেট দখল করেন। ম্য়াচের সেরা হন লিয়ঁ। এরপর এই স্টেডিয়ামে ২০১৯ সালে নিউজিল্যান্ডকে ২৯৬ রানে, ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানে ও গত বছর পাকিস্তানকে ৩৬০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
পারথের ওয়াকায় ভারত চারটি টেস্ট খেলে একটিতেই জিতেছে, হেরেছে তিনটিতে। অস্ট্রেলিয়া ওয়াকায় ৪৪টি ম্যাচ খেলে ২৫টিতে জিতেছে, হেরেছে ১১টিতে, ড্র ৮টিতে। ফলে দুই স্টেডিয়ামের ফলাফল ধরলে ভারত ৫টি টেস্টে জিতেছে ১টিতে, হেরেছে চারটিতে। অস্ট্রেলিয়া ৪৮টি টেস্টে ২৯টিতে জিতেছে, হার ১১টিতে, ড্র ৮টিতে। ২০১৬ সালে শেষবার পারথে দক্ষিণ আফ্রিকার কাছে ১৭৭ রানে হেরেছিল অজিরা।












Click it and Unblock the Notifications