Asian Games: হার্দিকই প্রেরণা তিতাসের, চুঁচুড়ার পেসার এশিয়ান গেমসের পোডিয়ামে দাঁড়াতে চান সোনার পদক নিয়ে
Asian Games: চিনের হাংঝৌয়ে এশিয়ান গেমসে এবার থাকছে ক্রিকেট। ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দল পাঠানো হচ্ছে। টি ২০ ফরম্যাটে হবে খেলা। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতের মহিলা দলে রিচা ঘোষ, দীপ্তি শর্মার সঙ্গে রয়েছেন চুঁচুড়ার তিতাস সাধু।
অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য তথা ফাইনালের সেরা ক্রিকেটার তিতাস ২৯ সেপ্টেম্বর ১৯ বছর পূর্ণ করবেন। কালই যাচ্ছেন বেঙ্গালুরুতে। তার আগে সিএবি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিতাস পেলেন বিশেষ সম্মান।

রিচা ঘোষ, হৃষিতা বসুও ছিলেন অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপজয়ী দলে। তাঁদেরও পুরস্কৃত করল সিএবি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইমার্জিং টিমস কাপে ভারতীয় এ দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন তিতাস। এবার মিশন এশিয়ান গেমস। তিতাসের কথায়, এশিয়ান গেমসে নামার স্বপ্ন ছোটবেলা থেকে দেখেছি। সেই স্বপ্ন পূরণ হওয়ায় ভালো লাগছে।
তিতাস বলেন, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস বা অলিম্পিক্সের মতো আসরে অনেক অ্যাথলিটরা থাকেন। সকলে মিলে আমরা দেশের প্রতিনিধিত্ব করব। নিজেদের ১১০ শতাংশ দিতে হবে। প্রস্তুতি ভালোই হয়েছে। সিএবিতে ক্যাম্পে ফিটনেস-সহ নানা বিষয়ে ঝুলন গোস্বামীর গাইডেন্স পেয়েছিল প্রতিদিন। সোনা জিতে পোডিয়ামে দাঁড়ানোই পরবর্তী লক্ষ্য।
বেঙ্গালুরুতে ১২ থেকে ২৪ সেপ্টেম্বর ভারতীয় পুরুষ দলের ক্রিকেটারদের নিয়ে শিবির হবে। তবে মহিলা ক্রিকেটাররা বেশিদিন থাকতে পারবেন না। তার কারণ, মেয়েদের ক্রিকেটের ইভেন্ট রয়েছে সেপ্টেম্বরের ১৯ থেকে ২৮ তারিখ অবধি। পুরুষ ক্রিকেটারদের ম্যাচ শুরু ২৬ সেপ্টেম্বর থেকে, চলবে অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত।
এই পরিস্থিতিতে সেপ্টেম্বরের ১৩ থেকে ১৬ তারিখ অবধি ভারতীয় মহিলা দলের শিবির হবে। তা তত্ত্বাবধানের দায়িত্বে হেড কোচ হৃষিকেশ কানিতকর। তিতাস সাধু ভারতীয় পুরুষ ক্রিকেটারদের মধ্যে আইডল মানেন হার্দিক পাণ্ডিয়াকে। তিতাস বলেন, ছোটবেলা থেকে হার্দিক পাণ্ডিয়াকে দেখছি। যেভাবে তিনি চোট সারিয়ে ফিরে পারফর্ম করছেন তা দেখার মতো।

এশিয়ান গেমসে সব প্রতিপক্ষকেই গুরুত্ব দিচ্ছেন তিতাস। তিনি বলেন, যে কোনও টুর্নামেন্টে লড়াই নিজেদের সঙ্গেই। সেরা পারফরম্যান্স দিলেই আমরা জিততে পারব। সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাওয়া পুরস্কার এশিয়ান গেমসের আগে মোটিভেশন বাড়াল তিতাসদের। তাঁর কথায়, এটি কঠোর পরিশ্রমের ফল।
ভারত বিশ্বকাপ অভিযান শুরুর আগে ভারতীয় মহিলা দল এশিয়ান গেমসের ক্রিকেটে কেমন ফল করল তা জানা যাবে। তিতাস ভারতের সঙ্গেই সেমিফাইনালে দেখছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানকে। হার্দিক পাণ্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স এবং শুভমান গিলের ব্যাটিংয়েই ভারত সাফল্য পাবে বলে আশাবাদী তিতাস।
(ছবি- সিএবি মিডিয়া ও পিটিআই)












Click it and Unblock the Notifications