এশিয়া কাপের শুরুতেই অঘটন, শ্রীলঙ্কাকে চূর্ণ করে শততম টি ২০-তে স্মরণীয় জয় আফগানিস্তানের
এশিয়া কাপের শুরুতেই অঘটন। প্রথম ম্যাচেই স্মরণীয় জয় ছিনিয়ে নিল আফগানিস্তান। ৫৯ বল বাকি থাকতে দাসুন শনাকার শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাস্ত করল মহম্মদ নবির নেতৃত্বাধীন দল। দুবাইয়ে টস জিতে ফিল্ডিং নিয়েছিল আফগানিস্তান। শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৯.৪ ওভারে মাত্র ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। জবাবে আফগানিস্তান ১০.১ ওভারেই টার্গেটে পৌঁছে যায়।

শ্রীলঙ্কা ইনিংসে প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন ফজলহক ফারুকি, পঞ্চম ও শেষ বলে তুলে নেন কুশল মেন্ডিস ও তিনে নামা চরিথ আসালঙ্কার উইকেট। দ্বিতীয় ওভারের শেষ বলে পাথুম নিসঙ্কা নবীন উল হকের শিকার হতে ২ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৫। পাঁচে নামা ভানুকা রাজাপক্ষ ২৯ বলে সর্বাধিক ৩৮ রান করেন। চামিকা করুণারত্নে ৩১ রান করেন ৩৮ বল খেলে। দানুষ্কা গুণতিলকার সংগ্রহ ১৭ বলে ১৭। বাকি কোনও ব্যাটার দুই অঙ্কের ঘরে নিজেদের রান নিয়ে যেতে পারেননি। একটি মেডেন-সহ ৩.৪ ওভারে ১১ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ফারুকি। ৪ ওভারে ১৪ রান দিয়ে নবি দুটি উইকেট নেন। মুজিব উর রহমান ৪ ওভারে ২৪ রান দিয়ে পেয়েছেন দুটি উইকেট। নবীন উল হকের ঝুলিতে গিয়েছে একটি উইকেট। রশিদ খান ৪ ওভারে ১২ রান দিয়ে কোনও উইকেট পাননি।

জবাবে খেলতে নেমে পাওয়ারপ্লের ৬ ওভারে ৮৩ রান তুলে ফেলে আফগানিস্তান। সপ্তম ওভারের প্রথম বলে ওপেনিং জুটি ভাঙে। তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ১৮ বলে সর্বাধিক ৪০ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। ২৮ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন হজরতুল্লাহ জাজাই। ইব্রাহিম জারদান রান আউট হওয়ার আগে করেন ১৩ বলে ১৩। নাজিবুল্লাহ জারদান ২ রানে অপরাজিত থাকেন। সুপার ফোরে উঠতে গেলে শ্রীলঙ্কাকে প্রার্থনা করতে হবে যাতে বাংলাদেশ দুটি ম্যাচেই হারে। আফগানিস্তানের বিরুদ্ধে খেলার পর শ্রীলঙ্কার মুখোমুখি হবে শাকিব আল হাসানের বাংলাদেশ। আফগানিস্তান বড় জয় ছিনিয়ে নেওয়ায় শ্রীলঙ্কার নেট রান মাইনাস (-) ৫.১৭৬। বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দিলে শ্রীলঙ্কার সুপার ফোরে যাওয়া কার্যত অসম্ভব হয়ে যাবে।
জয়ের পর ফারুকির প্রশংসা করেছেন আফগান অধিনায়ক নবি। সঠিক লাইন ও লেংথে বল করার রণকৌশল অক্ষরে অক্ষরে পালন করেছেন বোলাররা। ঝোড়ো গতিতে রান তুলে জয় নিশ্চিত করা দলের আত্মবিশ্বাস ও মনোবল বাড়াবে বলে দাবি আফগান অধিনায়কের। এই ধারাবাহিকতাই তিনি বজায় রাখতে চান। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট থেকে স্পিনারদের কোনও সহায়তা না মেলাকেই জঘন্য হারের কারণ বলে মনে করছেন শ্রীলঙ্কার অধিনায়ক শনাকা। তবে তিনিও ঘুরে দাঁড়িয়ে সুপার ফোরে যাওয়ার বিষয়ে প্রত্যয়ী।












Click it and Unblock the Notifications