পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসী থেকেই নামার হুঙ্কার সূর্যর, ভারতের এশিয়া কাপ অভিযান শুরু কাল
এশিয়া কাপ আজ থেকে শুরু। তবে ভারত কাল দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহীর ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। আজ সব দলের অধিনায়করা সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন।
উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নাকভি।

নাকভি করমর্দন করেন সূর্যকুমার যাদবের সঙ্গেও। তার আগে আলিঙ্গন সারেন পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার সঙ্গে। পরে সকলে মিলে অফিসিয়াল ফোটোশ্য়ুটেও ছিলেন।
এশিয়া কাপে আগামী রবিবার ভারত নামবে পাকিস্তানের বিরুদ্ধে। এই দুই দেশ ফাইনাল খেললে এশিয়া কাপে তিনবার পরস্পরের মুখোমুখি হবে। ভারত অধিনায়ক সাফ জানিয়ে দিলেন, মাঠে তাঁরা আগ্রাসী থেকেই নামবেন। কারণ, অ্যাগ্রেসন ছাড়া জেতা সম্ভব নয়।
তবে পাক অধিনায়ক সলমন আলি আঘা বললেন, কেউ অ্যাগ্রেসিভ থাকলে সেটি তাঁর ব্যাপার। আমি কাউকে কোনও নির্দেশ দিই না। উল্লেখ্য, পাকিস্তান এশিয়া কাপ খেলতে নামছে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহীকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে।
ভারত অধিনায়ক অবশ্য দলের প্রস্তুতিতে সন্তুষ্ট। তিনি বলেন, দুবাইয়ে আমরা বেশ কিছু প্র্যাকটিস সেশন সেরেছি। এশিয়া কাপে সেরা দলগুলির বিরুদ্ধে খেলা ভালো চ্যালেঞ্জেরই হবে। নিজেদের ফেভারিটও মানতে রাজি নন সূর্য। সংযুক্ত আরব আমিরশাহীর কোচ ভারতের প্রাক্তন কোচ লালচাঁদ রাজপুত। সূর্য ইউএইকে হাল্কাভাবে নিচ্ছেন না। সূর্য বলেন, ওরা ভালো ক্রিকেট খেলছে। সম্প্রতি ত্রিদেশীয় সিরিজেও কয়েকটি ম্যাচে জেতার পরিস্থিতি তৈরি করেছিল। ফলে এশিয়া কাপেও তারা সেই ধারা বজায় রাখতে পারে।
সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচে ভারত পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবে কিনা সেই প্রশ্নের উত্তরে সূর্য জানান, ফরম্যাট অনুযায়ী দলের প্রস্তুতি কতটা ভালো হয়েছে তা অনুধাবন করাটা জরুরি। যেটা আমাদের পক্ষে ভালো ফল দিচ্ছে তাতে রদবদলের তো দরকার নেই।
ভারত আগামী বছরের টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে বিগত সিরিজগুলিতে প্রস্তুতি সেরেছে। এবার শুভমান গিল দলে এসেছে সহ অধিনায়ক হিসেবে। তিনি খেলবেন। সবমিলিয়ে ভারত কম্বিনেশনে খুব বেশি অপ্রয়োজনীয় রদবদলের পথে যে হাঁটবে না তা স্পষ্ট করে দিলেন ভারত অধিনায়ক।
ভারতের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
সংযুক্ত আরব আমিরশাহীর সম্ভাব্য একাদশ- মহম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, রাহুল চোপড়া (উইকেটকিপার), আসিফ খান, মহম্মদ ফারুক, হর্ষিত কৌশিক, মহম্মদ জোহাইব, মহম্মদ জাওয়াদুল্লাহ বা সাঘির খান, হায়দার আলি, জুনেইদ সিদ্দিকি, মহম্মদ রোহিদ।












Click it and Unblock the Notifications