Asia Cup 2023: শাকিব-তৌহিদে মানরক্ষা বাংলাদেশের, ভারতের টার্গেট ২৬৬, ৩ উইকেট লর্ড শার্দুলের
Asia Cup 2023: এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের সামনে জয়ের জন্য ২৬৬ রানের টার্গেট দিল বাংলাদেশ। রবিবার ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে আজ ভারতীয় দলে পাঁচটি পরিবর্তন করা হয়।
কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল ভারত। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ৫০ ওভারে বাংলাদেশ তুলল ৮ উইকেটে ২৬৫ রান। অধিনায়ক শাকিব আল হাসান ও তৌহিত হৃদয় অর্ধশতরান করেন। শার্দুল ঠাকুর পেয়েছেন তিন উইকেট।

১৩ রানে প্রথম, ১৫ রানে দ্বিতীয়, ২৮ রানে তৃতীয় ও ৫৯ রানে চতুর্থ উইকেট পতনের ফলে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে হাল ধরেন শাকিব ও তৌহিদ। পঞ্চম উইকেট জুটিতে ১০১ রান যোগ করেন তাঁরা। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে শাকিব করেন ৮৫ বলে ৮০ রান। তাঁকে বোল্ড করে দেন শার্দুল ঠাকুর।
পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে তৌহিদ করেন ৮১ বলে ৫৪। নাসুম আহমেদ ৪৫ বলে ৪৪ রান করেন। বাংলাদেশের প্রথম তিন ব্যাটার ব্যর্থ। তানজিদ হাসান ১২ বলে ১৩, লিটন দাস ২ বলে ০ ও আনামুল হক ১১ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। মেহেদি হাসান ২৩ বলে ২৯ ও তানজিম হাসান শাকিব ৮ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।

শার্দুল ঠাকুর ১০ ওভারে ৬৫ রান দিয়ে তিনটি উইকেট নিলেন। তিনি বলেন, উইকেট মন্থর ছিল। এই পিচে বাংলাদেশকে ২২০ থেকে ২৩০ রানে বেঁধে ফেলা যেত যদি ফিল্ডিং কিছুটা ভালো হতো। কয়েকটি ক্যাচ পড়েছে। তবে এই টার্গেটে পৌঁছনো সম্ভব হবে যদি ওপেনিং জুটিতে ভালো রান ওঠে। তাহলে কাজটা সহজ হয়ে যাবে।
১টি মেডেন-সহ ৮ ওভারে ৩২ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন মহম্মদ শামি। প্রসিদ্ধ কৃষ্ণ ৯ ওভারে ৪৩, অক্ষর প্যাটেল ৯ ওভারে ৪৭ রান খরচ করে একটি উইকেট পেলেন। ১টি মেডেন-সহ ১০ ওভারে ৫৩ রান দিয়ে একটি উইকেট ঝুলিতে পুরেছেন রবীন্দ্র জাদেজা। শামিম হোসেন ওডিআইয়ে জাড্ডুর ২০০তম শিকার।












Click it and Unblock the Notifications