‘এমনটা হওয়ারই ছিল’, বিরাটের অধিনায়কত্ব হারানো প্রসঙ্গে কেন এমন বললেন আকাশ?
‘এমনটা হওয়ারই ছিল’, বিরাটের অধিনায়কত্ব হারানো প্রসঙ্গে কেন এমন বললেন আকাশ?
বিরাট কোহলি'কে ওডিআই ফর্ম্যাটের নেতৃত্ব থেকে সরানোর কথা বিসিসিআই ঘোষণা করেছে ৪৮ ঘণ্টাও কাটেনি, এরই মধ্যে ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া জানিয়ে দিলেন এমনটা হওয়ারই ছিল।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ জানিয়েছেন, ভারতীয় বোর্ড হোয়াইট বল এবং রেড বল ক্রিকেটের মধ্যে একটা ফারাক রেখেছে। ফলে এমনটা হবে তা জানাই ছিল। তাঁর কথায়, "এই বিষয়ে আমরা আগেই আলোচনা করেছিলাম। এমনটা যে হতে চলেছে তা আমাদের জানাই ছিল। যে দিন বিরাট কোহলি টি-২০ ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়ে সে দিনই ঠিক হয়ে গিয়েছিল যে অদূর ভবিষ্যতে ওডিআই ক্যাপ্টেন্সি হারাতে চলেছে ও। টি-২০ ফর্ম্যাটে যে অধিনায়কত্ব করে তাঁকেই ওডিআই-এর অধিনায়কত্বের ভার দেওয়া হয়।"

৪৪-বছর বয়সী প্রাক্তন ক্রিকেটারের আরও সংযোজন, "টেস্টের যে অধিনায়ক সেই ওডিআই ফর্ম্যাটের অধিনায়ক, কিন্তু টি-২০ ফর্ম্যাটের অধিনায়ক অন্য কেউ এমনটা গোটা বিশ্বে কোথাও হয় না। আবার উল্টোটাও বলা যায়। টেস্ট এবং টি-২০ অধিনায়ক অথচ ওডিআই অধিনায়ক নয়। এমনটা হয় না। হোয়াইট বল ক্রিকেট এবং রেড বল ক্রিকেটের ফারাক সব সময়েই ছিল।"
টি-২০ বিশ্বকাপ শুরুর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিরাট কোহলি জানিয়েছিলেন কাজের চাপ কমাতে বিশ্বকাপের পর তিনি টি-২০ ফর্ম্যাটে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন। একই সঙ্গে টেস্ট এবং ওডিআই ক্রিকেটে আগের মতো দেশকে নেতৃত্ব দেওয়ার কথাও জানিয়েছিলেন।
স্থায়ী অধিনায়ক হিসেবে বিরাটের পরিবর্তে দায়িত্ব পাওয়া রোহিত শর্মা'র শুরুটা মন্দ হয়নি। ঘরের মাঠে তাঁর নেতৃত্বে টি-২০ বিশ্বকাপের রানার্স নিউজিল্যান্ড'কে হোয়াইট ওয়াশ করে ভারত। ওই সিরিজে বিশ্রামে পাঠানো হয়েছিল কোহলি'কে। কোহলি ফেরেন টেস্ট সিরিজের শেষ টেস্টে। প্রথম টেস্টে কানপুরে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্ক রাহানে।
নিজের ইউটিউব চ্যানেলে রোহিতের প্রশাংসাও করেছেন আকাশ। তিনি আশা করেন রোহিতের অধিনায়কত্বে আরও বেশি সাফল্য পাবে ভারত। তিনি বলেছেন, "অধিনায়কের সাফল্য নির্ভর করে কৌশলের উপর এবং রোহিত রণকৌশল তৈরি করার বিষয়ে দক্ষ। ও একজন ভাগ্যবান নেতা। তবে, ব্যাটসম্যান রোহিত শর্মা'কে অধিনায়ক রোহিত শর্মা'র সাহায্য করতে হবে। ভারতীয় ক্রিকেট অনেকটা প্রথম-দ্বিতীয়-তৃতীয় উইকেটের উপর নির্ভর করে।
ফলে যখন রোহিত-রাহুল-বিরাট বড় রান করবে, তা সব সময়েই ভারতীয় ক্রিকেটের জন্য ভাল হবে।"
টি-২০ এবং ওডিআই ফর্ম্যাটে অধিনায়কত্বের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য সহ-অধিনায়ক হিসেবে রোহিত'কে নিযুক্ত করেছে বিসিসিআই। সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্ট দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করবে ভারত।












Click it and Unblock the Notifications