টি ২০ বিশ্বকাপে ভারতের মুখোমুখি হওয়ার আগেই ধাক্কা খেল পাকিস্তান, ক্যারিবিয়ান-বধ আফগানিস্তানের
টি ২০ বিশ্বকাপে সকলের নজর ২৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। ভারত যেখানে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের পর আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে রীতিমতো চনমনে, সেখানে বিরাটদের বিরুদ্ধে নামার আগেই ধাক্কা খেল পাকিস্তান। প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালেও আজ হারল দক্ষিণ আফ্রিকার কাছে। অন্যদিকে, গতবারের টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন দুটি প্রস্তুতি ম্যাচের দুটিতেই হারল। আজ পরাজয় আফগানিস্তানের বিরুদ্ধে ৫৬ রানে!

আজ দুবাইয়ে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শেষের পরই শুরু হয় ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান ম্যাচ। টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে। দুই ওপেনারই অর্ধশতরান করেন, ওপেনিং জুটিতে ওঠে ৯০ রান। আটটি চার ও ২টি ছয়ের সাহায্যে হজরতুল্লাহ জাজাই ৩৫ বলে ৫৬ রান করেন। মহম্মদ শাহজাদ করেন ৩৫ বলে ৫৪, তিনি ৬টি চার ও একটি ছক্কা হাঁকান। রহমানুল্লাহ গুরবাজ ৩৩ ও নজিবুল্লাহ জারদান ২৩ রান করেন। আসগর আফগান ১ রানের বেশি করতে পারেননি। ওবেদ ম্যাককয় ৪৩ রানের বিনিময়ে ২টি উইকেট পান।
Afghanistan vs West Indies
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 20, 2021
2nd Warm-up Match #InningsBreak
AFG: 189 /5 (20ov)
🏏Hazratullah Zazi 56
🏏 Mohammad Shahzad 54
🏏Rahmanullah Gurbaz 33
🏏Najib Zadran 23
WI:
- McCoy 43/2 (4)
Target: 190
📷@GettyImages pic.twitter.com/McKWhh2gKF
আন্দ্রে রাসেল ২ ওভারে ১৩ রান দিয়ে ১ টি উইকেট পান। বাকি উইকেট দুটি পান রবি রামপাল ও হেডেন ওয়ালশ। কিন্তু ক্যারিবিয়ান বোলারদের ফর্ম বিশ্বকাপের আগে উদ্বেগে রাখার মতোই। এরপর আফগান বোলারদের দাপটে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রানের বেশি তুলতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। ৫৮ বলে ৫৪ করে অপরাজিত থাকেন রস্টন চেজ। ক্রিস গেইল খেলেননি এই ম্যাচে। লেন্ডল সিমন্স শূন্য, এভিন লুইস ৩, শিমরন হেটমায়ার ২, আন্দ্রে রাসেল ১৬ বলে ১১ করেন। নিকোলাস পুরাণ করেন ২৬ বলে ৩৫। মহম্মদ নবি চার ওভারে ২টি মেডেন ওভার নেন, ২ রানের বিনিময়ে দখল করেন তিন উইকেট। নবীন উল হক ও করিম জানাত একটি উইকেট পান। রশিদ খান ৩ ওভারে ১৪ রান দিয়ে কোনও উইকেট পাননি।
🇿🇦 The Vuma #Proteas have won the toss and will field first against Pakistan in their second #T20WorldCup warm-up game#BePartOfIt pic.twitter.com/s9cwWVhTMO
— Cricket South Africa (@OfficialCSA) October 20, 2021
অন্যদিকে, আবু ধাবির টলারেন্স ওভালে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ফখর জামানের ২৮ বলে ৫২, আসিফ আলির ১৮ বলে ৩২ ও শোয়েব মালিকের ২০ বলে ২৮ রানের দৌলতে পাকিস্তান ছয় উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে। অধিনায়ক বাবর আজম কাগিসো রাবাডার বলে বোল্ড হন ১২ বলে ১৫ করে। রাবাডা ২৮ রানে ৩ উইরেট নেন। কেশব মহারাজ ও এনরিখ নরকিয়া একটি করে উইকেট নেন।
Second warm-up match of the @T20WorldCup!
— Pakistan Cricket Live (@TheRealPCB_Live) October 20, 2021
South Africa won by 6 wickets#WeHaveWeWill | #T20WorldCup | #PAKvSA pic.twitter.com/dx12AYbeJg
জবাবে খেলতে নেমে শেষ বলে জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা। ১০টি চার ও চারটি ছক্কার সাহায্যে ৫১ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন রাসি ফন ডার ডুসেন। অধিনায়ক তেম্বা বাভুমা ৪২ বলে ৪৬ রান করেন। ১৫ রানের মধ্যে দুই ওপেনার আউট হওয়ার পরও হাই স্কোরিং ম্যাচে ৬ উইকেটে জয় দক্ষিণ আফ্রিকার। ইমাদ ওয়াসিম ও শাহিন শাহ আফ্রিদি দুটি করে উইকেট দখল করেন। হাসান আলির শেষ ওভারে প্রোটিয়াদের জয়ের জন্য দরকার ছিল ১৯ রান। মিলার ও ডুসেন ২২ রান তুলে নিয়ে প্রোটিয়াদের স্মরণীয় জয় এনে দেন। শেষ দুই বলে দুটি চার মেরে দলকে জেতানোর পাশাপাশি শতরান পূর্ণ করেন ডুসেন।












Click it and Unblock the Notifications