BCCI: তারকা ক্রিকেটারদের সামলানোর ক্ষমতা থাকতে হবে, নতুন কোচকে পূরণ করতে হবে বিসিসিআইয়ের কঠিন শর্ত
ভারতীয় দলের কোচ নিয়োগের প্রক্রিয়া সরকারিভাবে শুরু করে দিল বিসিসিআই। সোমবার রাতের দিকে ভারতীয় দলের কোচের পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ করল বিসিসিআই।ভারতীয় বোর্ডের লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ। সেই বিশ্বকাপ পর্যন্ত তিন ফরম্যাটের জন্য এক জন কোচই নিয়োগ করবে বোর্ড। নতুন কোচকে একাধিক শর্ত পূরণ করতে হবে। তবে বোর্ডের প্রকাশিত বিজ্ঞাপনে কয়েকটি বিষয় নজর কেড়েছে।
বিজ্ঞাপনে বলা হয়েছে, ' যে দল যে কোনও ফর্ম্যাটে যে কোনও পরিস্থিতিতে সাফল্য আনার ক্ষমতা থাকতে হবে অর্থ্যাত দেশে-বিদেশে সর্বত্র সাফল্যের ব্লু-প্রিন্ট থাকতে হবে নতুন কোচের কাছে। আরও এক উল্লেখযোগ্য পয়েন্ট, 'তারকা খচিত দলের ক্রিকেটারদের সামলানোর ক্ষমতা থাকতে হবে, ভারতের মতো ক্রিকেট পাগল দেশের প্রত্যাশার চাপ নিতে সক্ষম হতে হবে সংশ্লিস্ট কোচকে। '

ভারতীয় দলে একাধিক তারকা ক্রিকেটার রয়েছে। ফলে তাদের সকলকে সামলানো কোচের পক্ষে সবথেকে চ্যালেঞ্জিং কাজ। সেই কাজটা দক্ষতার সঙ্গে সামলানোর ক্ষমতা থাকতে হবে নতুন কোচের।
আরও একাধিক শর্ত দেওয়া হয়েছে, আবেদনকারীদের বয়সের উর্ধ্বসীমা ৬০ বছর। অর্থাৎ বেশি বয়সী কাউকে দলের কোচ হিসাবে চাওয়া হচ্ছে না। আবেদনকারীকে দেশের হয়ে অন্তত ৩০টি টেস্ট ম্যাচ কিংবা ৫০টি একদিনের ম্যাচ খেলতে হবে। অথবা কোনও আইসিসি-র টেস্ট খেলিয়ে পূর্ণ সদস্য দেশকে ২ বছরের কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে।
২৭ মে সন্ধ্যা ৬টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে আগ্রহী প্রার্থীদের। আবেদনপত্র খতিয়ে দেখে, ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার পর্বের পরে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা করা হবে। তারপর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। নতুন কোচের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চাইছে বোর্ড। তিন বছরের জন্য চুক্তি করা হবে তাঁর সঙ্গে। ২০২৭ সালে এক দিনের বিশ্বকাপ রয়েছে। সেই প্রতিযোগিতা পর্যন্ত চুক্তি করা হতে পারে নতুন কোচের সঙ্গে।নতুন কোচের মেয়াদ জুলাই ১, ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৭ পর্যন্ত।
দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরেই দ্রাবিড় ও অন্যান্য কোচিং স্টাফদের মেয়াদ ফুরিয়েছিল। সেই সময় সমস্ত কোচের মেয়াদ বাড়ানো হয়। টি-২০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে রাখা হয় তাঁদের।
২০২৩ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ ছিল দ্রাবিড়ের। কিন্তু টি২০ বিশ্বকাপ পর্যন্ত সেই মেয়াদ দীর্ঘায়িত করা হয়েছে। তবে সূত্রের খবর অনুসারে টিম ইন্ডিয়ার হেড স্যারের পদের জন্য আবেদন নাও করতে পারেন দ্য ওয়াল।
দ্রাবিড় কোচ হয়ে আসার পরেও ভারতের আইসিসি ট্রফি খরা কাটেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বা ওয়ান-ডে বিশ্বকাপ ফাইনালে উঠলেও ট্রফি অধরাই থেকেছে। দ্রাবিড়ের কোচিং মেয়াদকালে একটাও আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। যদিও দ্রাবিড়ের অধীনে দ্বিপাক্ষিক সিরিজে ভারতের পারফরম্যান্স নজর কেড়েছে।












Click it and Unblock the Notifications