Anubrata Mondal: জেলে থেকে ক্রমশ রোগা হচ্ছেন 'বাংলার বাঘ'! নজর রাখছেন চিকিৎসকরা
মাসের পর মাস কেটে যাচ্ছে! কিন্তু জেমুক্তি ঘটছে না। এই অবস্থায় ক্রমশ চিন্তা বাড়ছে। ভেঙে যাচ্ছে শরীর। আর সেটাই কি কারণ রোগা হওয়ার? কি বলছেন অনুব্রত মণ্ডল নিজে
তিনি হেভিওয়েট! তাঁর এক কথাতেই নাকি বাঘে-গরুতে একঘাঁটে জল খায়। কিন্তু গত কয়েকমাস ধরেই জেলবন্দি বীরভূমের প্রভাবশালী সেই নেতা। আর এই দীর্ঘ জেলযাত্রায় ক্রমশ রোগা হচ্ছেন ' হেভিওয়েট' অনুব্রত মণ্ডল। হঠাত করেই রবিবার অসুস্থ হয়ে পড়েন তিনি।
এরপরেই আজ সোমবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কেষ্টকে। আর সেখানে দীর্ঘ চিকিৎসার পর চিকিৎসকরা জানাচ্ছেন, গত তিন মাসে অনুব্রতর ওজন কমেছে ৯ কেজি।

অনুব্রত মণ্ডল জানান, শরীর ভালো নেই
গরু পাচার মামলাতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। প্রায় কয়েক মাস কেটে গিয়েছে! এরপর থেকে আসানসোল জেলই তাঁর ঠিকানা হয়ে উঠেছে। প্রবল চাপ এবং উৎকণ্ঠার মধ্যেই কাটছে তাঁর দিন। এই অবস্থায় কিছুটা অসুস্থ অনুভব করলে আজ সোমবার প্রভাবশালী তৃণমূল নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর তা নিয়ে যাওয়ার সময়ে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করলে, অনুব্রত মণ্ডল জানান, শরীর ভালো নেই। এর থেকে বেশি আর কিছু বলতে চাননি তিনি।

ফিসচুলার সমস্যা নিয়ে জেলা হাসপাতালে
তবে চিকিৎসকরা জানিয়েছেন, ফিসচুলার সমস্যা নিয়ে জেলা হাসপাতালের ইমারজেন্সি বিভাগে এসেছিলেন অনুব্রত মণ্ডল। প্রায় এক ঘন্টা ধরে হাসপাতালে ইমার্জেন্সির পাশে স্পেশাল অবজারভেশন রুমে তার স্বাস্থ্য পরীক্ষা হয়। এরপরেই হাসপাতাল সুপার ইনচার্জ উত্তম কুমার রায় বলেন এই মুহূর্তে ওনাকে ভর্তি করার মত ইমারজেন্সি নেই। বা উনি নিজেও ভর্তির ব্যাপারে কিছু বলেননি। ফিসচুলার সমস্যা হচ্ছিল। তবে এখন ঠিক আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মোট ২৪ কেজি ওজন কমেছে
অনুব্রত মন্ডলের কিছুটা ওজন কমেছে বলে জানিয়ে চিকিৎসকরা বলছেন, এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের ওজন ৯১ কেজি। শরীরের সুগারের পরিমাণ ১১১ মিলিগ্রাম। প্রেসার ১৩০/ ৮০। পালস রেট ৮৩। অক্সিজেন স্যাচুরেশন ৯৯। অর্থাৎ নভেম্বর মাসে যখন অনুব্রত মণ্ডল এসেছিলেন তখন তাঁর ওজন ছিল ১০৯ কেজি অর্থাৎ এই তিন মাসে আরও ৯ কেজি ওজন তার কমেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুধু তাই নয়, তাঁর মতে, আগস্ট মাসে তিনি যখন প্রথম এসেছিলেন তখন ওজন ছিল ১১৫ কেজি। অর্থাৎ জেলে আসার পর মোট ২৪ কেজি ওজন কমেছে অনুব্রত মন্ডলের। তবে বিষয়টি চিকিৎসকরা নজর রাখছেন বলে জানিয়েছেন।
তৃণমূলের চোখে অনুব্রত মণ্ডল বাঘের বাঘ! ইচ্ছাকৃত ভাবে তাঁকে আটকানো হয়েছে বলে দাবি শাসকদলের। কিন্তু দীর্ঘ চিন্তায় ভেঙে পড়ছে শরীর। আর সেটাই চিন্তা বাড়াচ্ছে তাঁর অনুগামীদের।












Click it and Unblock the Notifications