Panchayat Election 2023: ভোটের পরই বাড়িতে মিলল অস্ত্র-‘ভাণ্ডার’! থানায় ডেকে তৃণমূল প্রার্থীকে গ্রেফতার
ভোট মিটতেই গ্রেফতার তৃণমূল প্রার্থী। বাড়িতে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে বীরভূমের নলহাটির তৃণমূল প্রার্থীকে গ্রেফতার করল এনআইএ। ধৃত নলহাটি ১ নম্বর ব্লকের বানিওর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মনোজ ঘোষ। তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়।
মনোজ ঘোষ বানিওর পঞ্চায়েতের বাহাদুরপুরের বাসিন্দা। তাঁর বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এরপরই তাঁকে থানায় তলব করা হয়। সেখানে এনআইএ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে। মঙ্গলবার ফলাফল প্রকাশের আগে নলহাটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনায়।

মনোজের বাড়ি থেকে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর নলহাটি থানায় তাঁকে ডেকে পাঠানো হয়। এনআইএ আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময় তাঁর বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি পায়। তারপরই গ্রেফতার করা হয় তৃণমূল প্রার্থী মনোজ ঘোষকে।
তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করতে চায় এনআইএ। মনোজের পাথর ক্রাশার রয়েছে। গত ২৮ জুন মনোজের ক্রাশারের দফতরে হানা দেয় এনআইএ। সেখান থেকেই ব্যাগ বোঝাই বিস্ফোরক মেলে। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রও।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, মনোজের দফতর থেকে প্রচুর জিলেটিন স্টিক, ৮৫ হাজার ইলেকট্রিক ডিটোনেটর ও ২ হাজার ৭০০ কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে এনআইএ। এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মনোজ। কিন্তু ভোট মিটতেই তাঁকে থানায় ডেকে নিয়ে গিয়ে গ্রেফতার করে এনআইএ।
এরপর মনোজকে আদালতে পেশ করার পর তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি করবে এনআইএ। নিজেদের হেফাজতে নিয়ে তাঁকে আরো জিজ্ঞাসাবদ করতে চাইছে তারা। এনআই জানতে চাইছে এই বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল মনোজের পাথর ক্রাশারের অফিসে।












Click it and Unblock the Notifications