Kali Puja 2024 : শোল মাছ ছাড়া ভোগ গ্রহণ করেন না, তারাপীঠে রাজবেশে মা তারা
তারাপীঠের মন্দিরে ভক্ত সমাগম। দীপান্বিতা অমাবস্যায় পুজিত হবেন দেবী। সেই পুজোর জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে। মন্দিরে সকাল থেকেই চলছে পুজোপাঠ(Kali Puja 2024)। দীপান্বিতা অমাবস্যায় মায়ের পুজো৷ রাজবেশে সাজানো হয়েছে তারা মাকে।
এদিনও ভোর সাড়ে চারটে নাগাদ শিলামূর্তিকে স্নান করানো হয়৷ এরপর নির্দিষ্ট সময়ে খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। এদিনের পুজোর জন্য সারা দিন - রাত খোলা থাকবে তারাপীঠের মন্দিরের দরজা।

বেলা চারটের একটু আগে থেকে দীপান্বিতা অমাবস্যার তিথি শুরু হয়েছে। সেই পুজোর আয়োজনও প্রস্তুত। দুপুরে ভোগ নিবেদন করা হয়৷ সেই ভোগে দুপুরে ভাত, পোলাও, ডাল, পাঁচ রকম ভাজা, শোল মাছ সহ মিষ্টি থাকে। সন্ধ্যায় ফের আরতি, পুজো। তারপর লুচি, সুজি, দই, মিষ্টির শীতল ভোগ দেওয়া হবে৷
রাতের বিশেষ পুজোর আয়োজন হবে। রাত ১১ টা থেকে এই পুজো(Kali Puja 2024) শুরু হবে। গভীর রাত পর্যন্ত এই পুজো হবে। এই কথা জানা গিয়েছে। মন্দির প্রাঙ্গণে থাকবে প্রচুর ভক্ত। মন্দিরের সেবায়েতরা ব্যস্ত পুজোর আয়োজনে৷ তারাপীঠের মন্দিরে আমিষ ভোগের ক্ষেত্রে শোল মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাছ না থাকলে দেবী ভোগ গ্রহণ করেন না। এই বিষয় প্রচলিত আছে।
তারাপীঠে নিশিপুজোর জন্য ব্যস্ততা তুঙ্গে। নির্দিষ্ট সময় সেই পুজো শুরু হবে৷ এছাড়াও দিনভর নিত্যপুজো তো আছেই৷ অনলাইনে পুজোর ব্যবস্থা এক সময় মন্দির কর্তৃপক্ষ করেছিল। কিন্তু একাধিক টাকা তছরুপের অভিযোগ আসতে থাকে একাধিক জায়গা থেকে। এখন আর সেই অনলাইন পুজোর ব্যবস্থা নেই। ভক্তদের শশরীরেই এসে পুজো দিতে হবে।
তারাপীঠের শ্মশানেও পুজো হয়। তন্ত্র সাধনা, শক্তিবৃদ্ধির জন্য পুজো, যজ্ঞ চলে৷ যাতে কোনওরকম অপ্রাসঙ্গিক ঘটনা না ঘটে, কোনও দুষ্কৃতী দৌরাত্ম না হয়। সেজন্য সজাগ রয়েছে প্রশাসন।












Click it and Unblock the Notifications