পঞ্চায়েত ভোটের আগে ২০২৪ লোকসভার সুর বাঁধলেন শাহ, নয়া টার্গেটে জল্পনা বিজেপিতে
বাংলায় পঞ্চায়েত ভোট দুয়ারে কড়া নাড়ছে। যেকোনো দিন ঘোষণা হয়ে যেতে পারে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বাংলায় প্রচারে এসে পঞ্চায়েত নিয়ে একটা কথাও তাঁকে বলতে শোনা গেল না। তিনি পঞ্চায়েত ভোটের মুখে বাংলায় এসে ২০২৪-এর প্রচার করে গেলেন।
শুক্রবার অনুব্রত মণ্ডলের গড় বীরভূমের সিউড়িতে সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৪-এর লোকসভায় বাংলা থেকে ৩৫ আসন চাইলেন। লোকসভায় টার্গেট খাঁড়া করে দিয়ে গেলেন অনুব্রতহীন বীরভূম থেকে। এমনকী তিনি বলে গেলেন ২০২৪-এ ৩৫ আসন দিন, ২০২৫-এ তাহলে তৃণমূল সরকার থাকবে না।

২০২৪-কে টার্গেট করে ২০২৫-এই তৃণমূলকে হটানোর সুর বেঁধে দিলেন তিনি। অর্থাৎ ২০২৪-এর লোসকভার প্রচার পরিকল্পনায় যে তৃণমূলকে হটানোর সুরই বাজাবে বঙ্গ বিজেপি তা স্পষ্ট করে দিলেন অমিত শাহ। একইসঙ্গে তিনি বুঝিয়ে দিয়ে গেলেন পঞ্চায়েত-টঞ্চায়েত কিছু নয়, তাদের টার্গেট ২০২৪।
নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনতে বাংলার মানুষের কাছে ৩৫টি আসন চাইলেন। অর্থাৎ ২০২৪-এ বিজেপির টার্গেট ৪২-এ ৩৫। ২০১৯-এর নির্বাচনে তৃণমূল ৪২-এ ৪২ টার্গেট নিয়ে লোকসভার যুদ্ধে নেমেছিল বাংলা। আর ২০২১-এ বিজেপি খাঁড়া করেছিল ২০০ আসনের টার্গেট।
অব কী বার ২০০ পার। এই ছিল বিজেপির স্লোগান। কিন্তু সেই স্লোগান ভোটের বাজারে হিট হলেও, ভোটের ফলে তার কোনো প্রভাব পড়েনি। বিজেপি ২০০-র ধারেকাছেও যেতে পারেনি। ২০১৯-এর সাফল্য নিয়ে ২০০-র স্ব্প্ন দেখলেও তা থেমে গিয়েছিল ৭৭-এ।

এবার ২০২৪-এর লোকসভায় বিজেপি ৩৫ আসন টার্গেট করছে। তাহলেই যে তৃণমূলের সরারকে উৎখাত করা যাবে ২০২৫-এই, তা-ও স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ। অমিত শাহ এদিনের সভা থেকে পঞ্চায়েতকে 'ডজ' করে উড়িয়ে দিয়ে ২০২৪-এর লোকসভার প্রচারের অ্যাজেন্ডা ঠিক করে গেলেন।
এ থেকে প্রমাণিত বিজেপি পঞ্চায়েত ভোটকে গুরুত্ব দিচ্ছে না। পঞ্চায়েত ভোটে যা পারে হয়ে যাক, তাদের লক্ষ্য ২০২৪। তাদের লক্ষ্য নরেন্দ্র মোদীকে আরও একবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসানো। আর তা করতেই এক বছর আগে থেকেই সুর বেঁধে দিয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পঞ্চায়েত ভোটের আগে বাংলায় বিজেপির বুথ সশক্তিকরণ কর্মসূচি ধাক্কা খেয়েছে। সার্বিকভাবে ৫০ শতাংশ বুথে তাঁরা কমিটি গঠন করতে পারেনি। উত্তরবঙ্গের জেলাগুলিতে ৫০ শতাংশ বুথ কমিটি থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও ৩০-৩৫ শতাংশ বুথ কমিটি রয়েছে, কোথাও রয়েছে ১৫ থেকে ২০ শতাংশ।
এখন বুথ কমিটি গড়তে শোচনীয় ব্যর্থ হওয়ার পর পঞ্চায়েত ভোটকে জলাঞ্জলি দিয়ে ২০২৪-কে টার্গেট করে কতটা সফল হবে বিজেপি, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। একইসঙ্গে রাজনৈতিক মহলের প্রশ্ন, প্রধান বিরোধী দল হয়েও বাংলার গ্রামের ভোট থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি? তবে কি শুধু হাওয়াই সার। বাংলায় ভিত নড়ে গিয়েছে তাদের?












Click it and Unblock the Notifications