RG Kar Incident: আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে শান্তিপূর্ণ মিছিলে হামলা, নিশানায় তৃণমূল, সরব অর্জুন সিং
RG Kar Incident: আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে নাগরিক মিছিলে হামলা। ঘটনা উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। নিশানায় তৃণমূল কংগ্রেস। সরব হলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং।
আজ সন্ধ্যায় নৈহাটির একাধিক স্কুলের প্রাক্তনীরা মিছিল বের করেন। তাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। হামলার শিকার মহিলারাও। ফের প্রশ্নে নারী সুরক্ষা।

ঘটনার তীব্র নিন্দা করেছেন অর্জুন সিং। তিনি সরাসরি নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। অর্জুন এক্স হ্যান্ডলে লেখেন, ধন্যবাদ জানাই মমতা দিদিকে। উনি দলীয় নেতা-কর্মীদের ফোঁস করতে বলেছিলেন। তাঁরই অনুপ্রেরণায় আজ নৈহাটিতে প্ৰতিবাদী মিছিলে দলের কর্মীরা হামলা চালালো।
অর্জুন আরও লিখেছেন, কলঙ্কিত সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের শহর নৈহাটি। নির্যাতিতার বিচারের দাবিতে আজ সন্ধেয় নৈহাটির একাধিক স্কুলের প্রাক্তনীরা মিছিলের ডাক দিয়েছিলেন। সেই মিছিল রামকৃষ্ণ মোড়ে পৌঁছনোর কিছুটা আগে তৃণমূলের গুন্ডারা ও লুঙ্গিবাহিনী মিলে হামলা চালায়।
ধন্যবাদ জানাই @MamataOfficial দিদিকে। উনি দলীয় নেতা-কর্মীদের ফোঁস করতে বলেছিলেন।
— Arjun Singh (@ArjunsinghWB) September 8, 2024
তাঁরই অনুপ্রেরণায় আজ নৈহাটিতে প্ৰতিবাদী মিছিলে দলের কর্মীরা হামলা চালালো।
কলঙ্কিত সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিম চন্দ্রের শহর নৈহাটি। নির্যাতিতার বিচারের দাবিতে আজ সন্ধেয় নৈহাটির একাধিক স্কুলের… pic.twitter.com/yC61tpWpOH
অর্জুনের কথায়, নির্যাতিতার বিচার চেয়ে যখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে। সেই মুহূর্তে প্ৰতিবাদীদের মিছিলে হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
অর্জুন এদিন মমতাকে কটাক্ষ করে বলেন, উনি যাঁদের ফোঁস করতে বলেছেন তাঁদের বিষদাঁত ভাঙা। যে মিছিলে হামলা হলো তাতে ছিলেন সংগীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষক, চিকিৎসক-সহ সমাজের নানা ক্ষেত্রের মানুষ। এই ঘটনার পিছনে সাংসদ পার্থ ভৌমিকের মদতপুষ্ট দুষ্কৃতীরা আছে বলে দাবি অর্জুনের।
অর্জুন সিং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর কাণ্ডে জাস্টিস দিতে ব্যর্থ। এদিন নৈহাটিতে নির্বিচারে মহিলাদের উপর হামলা হয়েছে। পুলিশ ঠুঁটো জগন্নাথ হয়ে ছিল। অরাজনৈতিক মিছিলে এই হামলার ঘটনার নিন্দা করছি। আমরা রাজনৈতিকভাবে এর প্রতিবাদে মিছিল করব। দেখি কে আটকায়? যেভাবে গুন্ডারাজ কায়েমের চেষ্টা চলছে তাতে সাধারণ মানুষ নিশ্চিতভাবেই ভোটবাক্সে প্রতিবাদ জানাবেন।
মিছিলে অংশ নেওয়া এক ছাত্রী বলেন, ফেরিঘাটের দিক থেকে মিছিল নিয়ে এগিয়ে আসছিলাম। আমাদের স্যরেদের মারধর করা হয়েছে। আমাদের মেয়েদের উপরও দুষ্কৃতীরা চড়াও হয়েছে। নৈহাটির যুব তৃণমূল নেতা অভিজিৎ চট্টোপাধ্যায়ের দাবি, সিবিআই আরজি কর কাণ্ডে কাউকে গ্রেফতার করতে পারেনি। তার প্রতিবাদে তৃণমূলের মিটিংয়ের জন্য আনা টোটো দখল করা হয়। এই ঘটনার নেপথ্যে সিপিআইএম রয়েছে।












Click it and Unblock the Notifications