Bhatpara: নৈহাটিতে ভোটের আবহে তৃণমূল নেতাকে গুলি-বোমা মেরে খুন! রিপোর্ট চাইল কমিশন
Bhatpara: নৈহাটির উপনির্বাচনের মধ্যেই চলল গুলি! ভাটপাড়ায় তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি অশোক রাউতকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি। এমনকি মৃত্যু নিশ্চিত করতে বোমা ছোঁড়া হয় বলেও অভিযোগ। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার ১২ নং ওয়ার্ডে। জানা যাচ্ছে, বোমার আঘাতে আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে। ঘিরে রাখা হয়েছে এলাকায়। কীভাবে এবং কেন এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়।

এমনকি হামলার নেপথ্যে কে তাও স্পষ্ট নয়। ইতিমধ্যে বারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। গিয়েছেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তিনি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে গোটা ঘটনা জানার চেষ্টা করছেন।
পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখেও দুস্কৃতিদের চিহ্নিত করার কাজ পুলিশ শুরু করেছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় পরিবারের তরফে তৃণমূলের গোষ্ঠী সংঘাত বলেই দাবি করা হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করাতেই অশোকদাকে খুন করা হয়েছে বলে দাবি তাঁর ভাই'য়ের। অন্যদিকে ঘটনায় কড়া নজর রাখছে নির্বাচন কমিশন।
ভাটপাড়ায় ভোট না হলেও নৈহাটিতে ভোট চলছে। কোনও ভাবেই এই ঘটনার আঁচ সেখানে যাতে না পড়ে সেজন্য সতর্ক করা হয়েছে জেলা প্রশাসনকে। বাড়াতে বলা হয়েছে নিরাপত্তা। এমনকি জেলা প্রশাসনের কাছে ঘটনায় অ্যাকশন রিপোর্টও কমিশন চেয়েছে বলে খবর।
জানা যাচ্ছে , এদিন সকালে স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা মারছিলেন অশোক রাউত। তাঁকে ঘিরে ছিলেন আরও বেশ কয়েকজন অনুগামী। হঠাত করেই একদল যুবক এসে তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এমনকি মৃত্যু নিশ্চিত করতে ছোঁড়া হয় বোমাও। কার্যত রক্তাত্ব অবস্থায় ঘটনাস্থলে পড়ে যান অশোক রাউত। এমনকি বোমার আঘাতে আহত হন আরও বেশ কয়েকজন।
সম্পূর্ণ ভাবে ধূলিসাৎ হয়ে যায় ওই চায়ের দোকান। স্থানিয়রাই এরপর তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তৃণমূল নেতা তথা ভাটপাড়ার পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, "দুষ্কৃতীরা একাজ করেছে। পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে। এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই"।
অন্যদিকে বিজেপি নেতা অর্জুন সিং বলেন ,"এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে হয়েছে। আহত অশোক সাউ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি ছিল"। তবে এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।












Click it and Unblock the Notifications