TMC: ভোটর আগেই শুরু রাজনৈতিক হানাহানি, গুমায় ঘরে ঢুকে এলোপাথারি গুলি তৃণমূল নেতাকে
লোকসভা ভোট ঘোষণার আগেই শুরু রাজনৈতিক হানাহানি। রবিবার রাতে অন্ধকারে তৃণমূল কংগ্রেস নেতাকে গুলি করে খুন। মৃত তৃণমূল নেতার নাম বিজন দাস। উত্তর ২৪ পরগনার অশোকনগরের গুমা ১ নং পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন তিনি।
দলীয় সমর্থকের বাড়িতেই রবিবার রাতে গিয়েছিলেন তিনি। সেখানেই ঘরের মধ্যে ঢুকে আততায়ীরা গুলি করে হত্যা করে তৃণমূল কংগ্রেস নেতাকে। বিজন দাস এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান পুরনো শত্রুতার কারণেই খুন।

এই খুেনর ঘটনায় গৌতম দাস নামে এক জমি ব্যবসায়ীর নাম উঠে আসছে। তার সঙ্গে বিরোধ ছিল মৃত তৃণমূল কংগ্রেস নেতা বিজন দাসের। গৌতম দাস নামে ওই জমি ব্যবসায়ীর সঙ্গে তর্কাতর্কির সময়েই আততায়ীরা তাঁকে কাছ থেকে গুলি করে। মাথায় এবং কানে গুলি লাগে তৃণমূল কংগ্রেস নেতার। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি।
ইতিমধ্যেই অশোকনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পরিবারের লোকেরা অভিযোগ করেছেন উপপ্রধান নির্বাচিত হওয়ার পর থেকেই পঞ্চায়েত স্তরে নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। দলের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছিল।
ঘনিষ্ঠ মহলের দাবি পরিকল্পনা করেই খুন করা হয়েছে বিজন দাসকে। দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই খুন বলে অনেকে দাবি করেছেন। তৃণমূল নেতার এই মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছেন বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষদস্তিদার। তিনি বলেছেন পুলিশ তদন্ত করছে। তবে দলের গোষ্ঠীদ্বন্দ্বে জল্পনা তিনি উড়িয়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications