Suvendu On Arjun: টাকা জমালেই ইডি-সিবিআই! তৃণমূলকে সতর্ক করলেন অর্জুন? বেসুরো হওয়ার কারণ জানালেন শুভেন্দু
Suvendu On Arjun: ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং আজকাল প্রায়ই দলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সরব হচ্ছেন। একাধিক ঘটনায় জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে অর্জুনের মতানৈক্য সামনে এসেছে। তবে অর্জুন মানুষের পাশে থাকাকেই প্রাধান্য দিচ্ছেন।
তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে সাংসদ হন অর্জুন। তারপর ফের প্রত্যাবর্তন তৃণমূল কংগ্রেসে। গতকাল একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ফের দলের কাজকর্ম নিয়ে সরব হলেন।

টিটাগড়ে এক অনুষ্ঠানে অর্জুনের মন্তব্য নিয়ে জোর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি ব্যারাকপুর ও টিটাগড় পুরসভার কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেন। ডেঙ্গু যেভাবে ভয়াবহ আকার নিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যারাকপুরের সাংসদ।
এই অনুষ্ঠানের মঞ্চেই অর্জুন বলেন, টাকা রোজগার করলে মানুষের জন্য খরচ করতে হবে। টাকা জমিয়ে রাখলে ইডি- সিবিআই এসে নিয়ে যাবে। তাই রোজগারের টাকা মানুষের জন্য খরচ করুন। রাজ্যে বিভিন্ন দুর্নীতির তদন্ত করছে ইডি, সিবিআই-সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ, কয়লা পাচারের মতো দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরা জেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষরা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন।
বিভিন্ন দুর্নীতিতে রাজ্যের শাসক দলকে যেখানে নিশানা করছে বিরোধীরা, সেখানে অর্জুন সিংয়ের মুখে ইডি-সিবিআইয়ের প্রসঙ্গ গোটা বিষয়ে অন্য মাত্রা যোগ করেছে। এই বক্তব্যের মধ্যে দলের নেতাদেরই অর্জুন কোনও বার্তা দিতে চাইলেন কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে। অর্জুন আরও বলেন, ব্যারাকপুর বিধানসভার দুটি পৌরসভা ব্যারাকপুর ও টিটাগড়কে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয় হয়ে ভালো কাজ করতে হবে।
অর্জুন যেভাবে দলের একাংশের বিরুদ্ধে মুখ খুলছেন, তাঁর বক্তব্যে জনগণের মনোভাব প্রতিফলিত হচ্ছে তা রাজনৈতিক বিশ্লেষকরা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন। বিশেষ করে লোকসভা ভোটের যেখানে আর ১ বছরও বাকি নেই। অর্জুন সাংসদ হিসেবে নিজের এবং দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

অর্জুন বেসুরো বাজায় কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, উনি অস্বস্তি বোধ করছেন। যে দলে গিয়েছেন সেখানে নেতাদের সঙ্গে বনিবনা হচ্ছে না ঠিকঠাক। আশা-আশঙ্কাতে আছেন টিকিট পাবেন কিনা। সে কারণেই বেসুরে বলছেন। যে চুক্তি করে তাঁকে ভাইপো নিয়েছিল সেই চুক্তি রাখতে পারেনি। এক বছরের বেশি সময় হয়ে গিয়েছে।
শুভেন্দুর মতে, অর্জুন এভাবে বলছেন যাতে দল যদি ডেকে তাঁর সঙ্গে কথা বলে। সেই সঙ্গে চুক্তি অনুযায়ী পেমেন্ট যদি পেয়ে যান। যদিও অর্জুন-শিবির শুভেন্দুর এই বক্তব্যে আমল দিচ্ছে না। অর্জুন বলেছেন, আমি তো এখানে টিকিট পাবই। শুভেন্দু অধিকারী আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাকে হারিয়ে দেখান। উনি তো এজেন্সি লাগিয়ে আর লোডশেডিং করে মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন। আমার বিরুদ্ধে দাঁড়ানোর আমন্ত্রণ রইল।












Click it and Unblock the Notifications