Suvendu Adhikari: "অহংকারী মুখ্যমন্ত্রী, মমতাকেও জেল খাটতে হবে," সন্দেশখালির সভা থেকে আক্রমণ শুভেন্দুর
Suvendu Adhikari: মমতার সভার ২৪ ঘণ্টার মধ্যেই সন্দেশখালিতে সভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বছর শেষে রাজনীতির হটস্পট সন্দেশখালি (Sandeshkhali)। সোমবারই সন্দেশখালি গিয়ে মা-বোনেদের দুষ্টু লোকের খপ্পরে না পড়ার বার্তা দিয়েছিলেন মমতা (Mamata Banerjee)। এদিন পাল্টা আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, "কে দুষ্টু লোক, সবচেয়ে বড় দুষ্টু লোক তো এরাজ্যের মুখ্যমন্ত্রী। সন্দেশখালি ভুলে যেতে বলেছেন মমতা।"
বিরোধী দলনেতা বলেন, "হাজি নুরুলের মনোনয়ন ত্রুটিপূর্ণ ছিল। সেকারণে মামলা করেছেন রেখা পাত্র। ১৫ জানুয়ারি মামলার শুনানি হবে। পরের বার সাংসদ বিজেপির (BJP) হবে। সন্দেশখালির লড়াইকে দেশবাসী সম্মান জানিয়েছে।" কিন্তু সন্দেশখালি হয়ে লড়ার জন্যে সাংবাদিকদেরও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী।

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার হুঁশিয়ারি শুভেন্দুর। বিরোধী দলনেতা বলেন, "কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার মমতা। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন তো? নিরপরাধ মহিলাদের জেল খাটিয়েছেন। মমতাকেও জেল খাটতে হবে। আইন মেনে সুদ সহ বদলা নেব।" বিজেপি এলে সন্দেশখালির ঘটনায় কমিশন গড়া হবে বলে জানান শুভেন্দু।
রাজ্যে চাকরির দুর্দশা নিয়েও তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। বলেন, "রাজ্যে ২ কোটি বেকার রয়েছে। প্রাথমিক, পিএসসি নিয়োগ হয়নি। কাউকে চাকরি দিতে পারবে না। ভোটব্যাঙ্কের জন্য মুসলিমদের ৭৭টি গ্রুপকে ওবিসি সংরক্ষণ দিয়েছে। হিন্দু ওবিসিদের বঞ্চিত করেছেন মমতা। গ্রামে চাকরি নেই, যুবকরা চলে গিয়েছে।"
শুভেন্দুর অভিযোগ, "রাজ্যকে দেউলিয়া করে ৬ লক্ষ কোটির ঋণের বোঝা চাপিয়েছেন মমতা। কেন্দ্রের থেকে ঋণ দিয়ে বাংলার বাড়ির টাকা দেওয়া হচ্ছে। ভাতা দিয়ে রাজ্য চালাচ্ছেন। ডিএ ছাড়া মাইনে দিচ্ছেন। নিয়োগ বন্ধ রেখেছেন।"
কেন্দ্রের সাহায্য নিয়ে বাংলায় ডবল ইঞ্জিন সরকার হলে জেলিয়াখালি ব্রিজ করবে বলে জানান শুভেন্দু। বাংলায় কেন্দ্রের প্রকল্পের বাস্তবায়ন না করা নিয়ে শুভেন্দু বলেন, "স্বাস্থ্যসাথীর ভুয়ো কার্ড চলে না। কার্ড নিয়ে গেলে বলে ডাক্তার নেই, বেড নেই। অথচ অহংকারী মুখ্যমন্ত্রী এখানে আয়ুষ্মান ভারত, ফসল বিমা যোজনা, উজ্জ্বলা গ্যাস প্রকল্প চালু করতে দেননি।"
ভোটের সময় আইপ্যাককে কাজে লাগিয়ে সন্দেশখালির দ্বীপে থাকা মানুষকে ভয় দেখিয়ে স্টিং অপারেশন করে ফেক ভিডিয়ো বানানো হয়েছিল বলে দাবি শুভেন্দুর। রেখা পাত্রকে হারানোর জন্য ওই ভিডিয়ো করা হয়েছিল বলে এদিন অভিযোগ করেন বিরোধী দলনেতা। টাটার চলে যাওয়া নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। বাংলায় উত্তরপ্রদেশের মতো সুশাসন ও গুজরাটের মতো শিল্প গড়ার বার্তা দেন শুভেন্দু অধিকারী।
সন্দেশখালিতে নরমে গরমে সিপিএমকেও ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, "নিরাপদবাবুরা লাল ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ান। কিন্ত মুসলিম ভোট কাটতে পারেন না। হিন্দু ভোট কাটেন। লাল ঝান্ডা করুন, আমরা এলে পঞ্চায়েতে পুরসভায় লড়তে পারবেন, মনোনয়নে আমরা বাধা দেব না। গণতন্ত্র থাকবে, কিন্তু একে তাড়াতে হবে। পিসি ভাইপোকে হারাতে হবে। মাত্র ৫ শতাংশ হিন্দু ভোটের দরকার।"












Click it and Unblock the Notifications