Sandeshkhali: বিতর্কিত ভিডিও'র আবহেই উত্তপ্ত সন্দেশখালি, গ্রামে ঢুকল র্যাফ, আটক বেশ কয়েকজন
Sandeshkhali: নতুন করে অশান্ত সন্দেশখালি। গত কয়েকদিনে একের পর এক ভিডিও সামনে এসেছে। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এর মধ্যেই নতুন করে অশান্ত সন্দেশখালির বেড়মজুর এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ব্যাপক ধরপাকড় পুলিশের।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সন্দেশখালিতে। গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। নামানো হয়েছে র্যাফ। তৃণমূলের উপর হামলার ঘটনায় এক বিজেপি নেত্রীকে রবিবার গ্রেফতার করে পুলিশ। তাঁর নাম গীতা বর। এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার সকাল থেকে সন্দেশখালি (Sandeshkhali) থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন সন্দেশখালির মহিলারা।

একেবারে টায়ার জ্বালিয়ে চলছিল বিক্ষোভ। কিন্তু সন্ধ্যা নামতেই বদলে যায় ছবিটা। আন্দোলনকারীদের বারবার উঠতে বলা হয় পুলিশের তরফে। কিন্তু উঠতে না চাইলে পুলিশ মহিলাদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, একেবারে টেনে হেঁচড়ে পুলিশ মহিলাদের তুলে দেয় বলে অভিযোগ।
ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয় বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চলছিল। পুলিশ হঠাত করে তাঁদের উপর লাঠিচার্জ করেছে। এমনকি মহিলাদের উপরও পুরুষ পুলিশ কর্মীরা লাঠিচার্জ করেছে বলেও অভিযোগ।
শুধু তাই নয়, আন্দোলনকারী মহিলাদের দাবি, শেখ শাহজাহানের ভাই কেন অধরা? কেন ধরতে পারছে না পুলিশ। তাঁকে দিয়ে শাসকদল ভোট লুঠের চেষ্টা করছে বলেও দাবি আন্দোলনকারী মহিলাদের। বিজেপি নেত্রী তথা প্রতিবাদী গীতাকে না ছাড়লে আন্দোলন আরও জোরদার হবে বলেও দাবি। ঘটনার পরেই এলাকায় ঢুকেছে বিশাল পুলিশ বাহিনী। মোতায়েন করা হয়েছে র্যাফ।
বলে রাখা প্রয়োজন, দীর্ঘ প্রায় কয়েকমাস ধরে উত্তপ্ত সন্দেশখালি। একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বেতাজ বাদশা শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে মহিলাদের ধর্ষণ, শ্লীলতাহানির মতো অভিযোগও সামনে এসেছে। লোকসভা ভোটের মুখে এই ঘটনা রীতিমত রাজ্য-রাজনীতিতে চাঞ্চল্য ফেলে দেয়। বিরোধীদের কাছে বড় অস্ত্র হয়ে ওঠে।
যদিও সাম্প্রতিক একের পর এক ভিডিও সামনে আসতেই মোড় ঘুরিয়ে দিয়েছে। যেখানে এক বিজেপি নেতাকে বলতে শোনা যায়, সন্দেশখালির ঘটনা সাজানো। এমনকি এর প্পিছনে শুভেন্দু অধকারীর ভূমিকার কথাও উল্লেখ করেন ওই বিজেপি নেতা। বেশ কয়েকটি ভিডিও সামনে এসেছে। যদিও বিজেপির দাবি, ভিডিও ফেক। এমনকি সন্দেশখালির প্রতিবাদী মহিলারাও ভিডিও ফেক বলে দাবি করেছেন। আর এই দাবিতে রবিবার স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে হানা দেন মহিলারা।












Click it and Unblock the Notifications