Bhatpara Municipality: ভাটপাড়ার চেয়ারপার্সনকে নিয়ে ক্ষোভ পেনশনভোগীদের, ডেঙ্গু নিয়ন্ত্রণেও উদাসীনতার অভিযোগ
Bhatpara Municipality: উত্তর ২৪ পরগনার ভাটপাড়া সাংসদ অর্জুন সিংয়ের খাসতালুক। সেখানকার পুরসভা নিয়েই এখন হাজারো বিতর্ক। পুরসভার কাজকর্ম নিয়ে অসন্তোষ তৃণমূলের অন্দরেও।
সৌন্দর্যায়নের নাম করে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও পেনশনভোগীদের প্রাপ্য দিতে পারছে না পুরসভা। ডেঙ্গু নিয়ন্ত্রণেও পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ।

ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিক্ষোভ দেখালেন পুরসভায় গিয়ে। মহরমের আগের দিন বিক্ষোভ চলাকালীন বাসিন্দারা অভিযোগ করেন, ওয়ার্ডে দীর্ঘদিন ড্রেন পরিষ্কার করা হয়নি। ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা। চারদিকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এই অবস্থায় পুরসভা ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ।

নর্দমায় জঞ্জাল জড়ো হওয়ায় অল্প বৃষ্টি হলেই রাস্তা ডুবে যাচ্ছে। ঘরে ঢুকে পড়ছে নোংরা জল। এই পরিস্থিতিতে নাজেহাল হয়ে বাসিন্দারা চলে যান পুরসভায়। পুরপিতা তথা চেয়ারম্যান ইন কাউন্সিল নূরে জামালকে বলে কোনও লাভ হয়নি বলেও দাবি নাগরিকদের। গতকাল পুরসভায় গিয়ে তাঁকে দুর্বিষহ পরিস্থিতির কথা জানিয়েও ক্ষান্ত হননি বাসিন্দারা। এলাকায় নিয়ে গিয়ে পরিস্থিতি দেখান.
চলতি সপ্তাহেই দফায় দফায় পুরসভায় বিক্ষোভ দেখান পেনশনভোগীরা। তাঁদের বকেয়া সুদ-সহ মেটানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপরেও বিগত তিন মাস ধরে পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ অবসরপ্রাপ্ত কর্মীদের। পুরসভার চেয়ারপার্সনের ঘরের সামনেই চলে অবস্থান বিক্ষোভ। যদিও পেনশনভোগীদের সঙ্গে দেখাও করেননি চেয়ারপার্সন।

চেয়ারপার্সন রেবা রাবা তাঁর পুত্র সোমনাথ ও সঞ্জয় শ্যামকে নানা কনট্রাক্ট পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন তৃণমূলের কাউন্সিলররাই। সোমনাথ শ্যাম আবার জগদ্দলের বিধায়ক। অর্জুন সিং বিজেপিতে যাওয়ার পরেই শ্যামদের বাড়বাড়ন্ত। তৃণমূলের অনেকে তাঁদের তৎকাল তৃণমূল বলেন। পুকুর ভরাট, প্রোমোটিং-সহ নানা কাজকর্মে তাঁরা যুক্ত বলে অভিযোগ।
পেনশন দিতে না পারা যে পুরসভার ব্যর্থতা, তা মেনে নিয়েছেন ভাইস চেয়ারম্যান। পেনশনভোগীদের অভিযোগ, সম্প্রতি দেখেছি এক বৃদ্ধার জমি চাপ দিয়ে দখল করতে না পারায় কয়েক লক্ষ টাকা দিয়ে জমিতে ঢোকার রাস্তা আটকে সৌন্দর্যায়ন করা হলো। যা দেখে সাংসদ অর্জুন সিং বলেছেন, এই কাজ ঠিক হয়নি। আর সেই পুরসভাই সামান্য পেনশন বা বকেয়া গ্র্যাচুইটি মেটাচ্ছে না!
পুরসভার চেয়ারপার্সন এত বিতর্কের মধ্যেও নীরব। বিধায়ক ও তাঁর ভাইয়ের কীর্তিকলাপে ভাটপাড়া পুরসভার নাগরিকদের মধ্যে তো বটেই, তৃণমূলের নেতা-কর্মীদের অনেকেই অসন্তুষ্ট। দলের উপর মহল অবধি নানা কুকীর্তির কথা জানানো হচ্ছে।












Click it and Unblock the Notifications