Panchayat Election 2023: বাসন্তীতে খুন যুব তৃণমূল কর্মী! ভোটের আগের সংঘর্ষে মৃত্যু বেড়ে ১৩
পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে খুন আরও এক। এবার খুন যুব তৃণমূল কর্মী। ওই তৃণমূল কর্মীর নাম জিয়ারুল মোল্লা (৪০) শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে খবর, শনিবার বিশেষ কাজের জন্য ক্যানিংয়ে গিয়েছিলেন রামচন্দ্রখালি পঞ্চায়েতের খিরিশখালি গ্রামের যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা।
রাতে তিনি বাড়িতে ফিরছিলেন। ফুলমালঞ্চ পঞ্চায়েতের চাতরাখালি-ঘাগরামারি এলাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থা লুটিয়ে পড়েন ওই নেতা। রাতের অন্ধকারে গুলির আওয়াজ শুনে আশপাশের লোকজন বাইরে বেরিয়ে আসেন।

দেখা যায় জিয়ারুলের মাথায় গুলি লেগেছে। এলাকায় যুব তৃণমূল কংগ্রেস কর্মী বলে পরিচিত ছিল নিহত ওই ব্যক্তি। এই খুনের ঘটনার মৃতের ছেলে মিজানুর মোল্লার অভিযোগ, তৃণমূলের মাদার গোষ্ঠীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে সংঘর্ষের মৃত্যুর সংখ্যাটা পৌঁছে গেল ১৩-তে।
রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুততার সঙ্গে পুলিশের গাড়িতে করে চিকিৎসার জন্য জিয়ারুলকে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পৌঁছে যান ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস, ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ। সঙ্গে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি হাসপাতালে যান ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।

তবে শেষ রক্ষা হয়নি। ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা ওই যুব তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে মৃতের পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। ঘটনা প্রসঙ্গে মৃত তৃণমূল কর্মীর ছেলে মিজানুর মোল্লা বলেন, তাঁর বাবা যুব তৃণমূল করতেন। মাদার তৃণমূলের যারা গুলি করে মারল, তাদের যেন উপযুক্ত শাস্তি হয়।
ঘটনার বিষয়ে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানিয়েছেন, বাসন্তীতে গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের পরিবারকে অভিযোগ জানাতে বলা হয়েছে। পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে এই খুন নিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications