Lok Sabha Election Results 2024: দাগ কাটতে পারল না সন্দেশখালি ইস্যু! বসিরহাটে বিপুল জয় তৃণমূলের
Lok Sabha Election Results 2024: বছরের শুরুটা হয়েছিল সন্দেশখালি দিয়ে। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযানে আধিকারিকদের ওপরে হামলা দিয়ে। পরের মাসে হঠাৎই তা স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভের রূপ নেয়। তারপর থেকে যত দিন গিয়েছে উত্তপ্ত হয়েছে, উত্তপ্ত থেকেছে বসিরহাট।
তার মধ্যেই এসে পড়ে লোকসভা নির্বাচন। সেখানে বিজেপি প্রার্থী করে সন্দেশখালির রেখা পাত্রকে। অন্যদিকে তৃণমূল প্রার্থী করেন বর্ষীয়ান হাজি নুরুল ইসলামকে। বসিরহাটে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যদি তৃণমূল বসিরহাটে জয়ী হয়, তাহলে তিনি সন্দেশখালিতে যাবেন।

লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকে সপ্তম দফায় পয়লা জুন নির্বাচনের দিন পর্যন্ত বারে বারে উত্তপ্ত হয়েছে বসিরহাটের অধীন সন্দেশখালি। সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিজেপি-সহ বিরোধী নেতাদের বাধা দেওয়া হয়েছে। আদালতের আদেশনামা নিয়ে সেখানে গিয়েছেন বিভিন্নদলের নেতানেত্রীরা।
তারই মধ্যে এসেছে বসিরহাটের ভাইরাল ভিডিও, পাল্টা ভিজিও। যেখানে একপক্ষের অস্বীকার করা থেকে ফের আদালতের শরণাপন্ন হওয়া। ভোট না হওয়া পর্যন্ত বিজেপি চেষ্টা করে গিয়েছে সন্দেশখালি ইস্যু জিইয়ে রাখতে। পাল্টা তৃণমূল চেষ্টা করেছে, ফিল গুড ফ্যাক্টর চালু রাখতে.
শেষ পর্যন্ত ১ জুন ভোট হয়। সেদিনই সন্দেশখালিতে অশান্তি হয়েছে। ভোটের পরেরদিনও অশান্তি হয়েছে। গণনার শুরুতেও বিজেপি প্রার্থী রেখা পাত্র ভরসা রেখেছিলেন জনগণের ওপরে। কিন্তু সময় যত এগিয়েছে, ততই তাঁর সঙ্গে তৃণমূলের হাজি নুরুল ইসলামের ব্যবধান বেড়েছে।
১৪ রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম পেয়েছেন ৫৯৭০১৪ ভোট এবং বিজেপির রেখা পাত্র পেয়েছেন ৩২৫০০২ ভোট। এই ব্যবধান ২ লক্ষ ৭২ হাজারের বেশি। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, সন্দেশখালি ইস্যু সাধারণ মানুষের মধ্যে কোনও দাগ কাটতে পারেনি। মানুষ আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিতে। এমন কী সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে তীব্র লড়াই হয়েছে তৃণমূল ও বিজেপির। সেখানে সামান্য হলেও পিছিয়ে পড়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications